সেরা প্রাপ্তি দর্শক-শ্রোতার ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলআরবি ব্যান্ড দলের সদস্যরা l ছবি: প্রথম আলো
এলআরবি ব্যান্ড দলের সদস্যরা l ছবি: প্রথম আলো

ব্যান্ড দল এলআরবি পার করল ২৪ বছর। মূলত ফেসবুককেন্দ্রিক ছিল তাদের ২৪ বছর পূর্তির উৎসব। ভক্তদের

সঙ্গে সরাসরি যোগাযোগের এই মাধ্যমে সারা দিন সরব ছিলেন এলআরবির সবাই। অন্য রকম এই বর্ষপূর্তির

আয়োজন নিয়ে কথা বলেছেন আইয়ুব বাচ্চু

ফেসবুকে বর্ষপূর্তি, ব্যাপারটি একটু অন্য রকম হয়ে গেল না!

অন্য রকম করতেই এই চিন্তা। আমরা ২৪ বছর পূর্তির কথা যখন ভেবেছি, তখনই মনে করেছি, একটু অন্য রকম আয়োজন করব। আসলে আমরা সারা বিশ্বের ভক্তদের বঞ্চিত করতে চাইনি। আমাদের আনন্দ যেন তাঁদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। এই চিন্তা থেকেই ফেসবুকের বিষয়টি মাথায় আসে। তাই ৫ এপ্রিল সারা দিন ফেসবুকে আমাদের অনেক অজানা কথা, পুরোনো গান এমনকি পুরোনো ছবি পোস্ট করেছি। ভক্তদের মন্তব্যর জবাব দিয়েছি। 

২৪ বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে কিছু বলবেন?

এলআরবির এখন পর্যন্ত সেরা প্রাপ্তি দর্শক-শ্রোতার ভালোবাসা। ভক্তরা আমাদের গান শোনেন, আমাদের ভালোবাসেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কী আছে? আর অপ্রাপ্তি প্রসঙ্গে একটি কথা বলার আছে, এত দিনেও আমরা বাংলা গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আর একটা ব্যাপার, বাইরের শিল্পীরা আমাদের দেশে এলে অনেক আদর, ভালোবাসা ও স্নেহ পান। একইভাবে আমাদের দেশের শিল্পীরা বাইরে গেলে বাংলা ভাষাভাষী কমিউনিটির কাছে একই রকম প্রত্যাশা করেন। তাঁরা চান সবাই যেন এক হয়ে শিল্পীদের গান শোনেন। যেভাবে সবাই ক্রিকেটের জন্য এক হন। 

অনেক দিন হলো আপনাদের নতুন অ্যালবাম আসছে না, কেন?

আপাতত আমাদের অ্যালবাম করার পরিকল্পনা নেই। তবে ইচ্ছা আছে ভক্তদের জন্য প্রতি মাসেই কিছু একটা উপহার দেওয়ার। সেটা এখনই বলতে চাইছি না। ভক্তদের জন্য চমক হিসেবেই থাক সেটা। 

এখন সেভাবে নতুন ব্যান্ড দল উঠে আসছে না কেন?

আমি এটা মানতে রাজি নই। নতুনদের মধ্যে ব্ল্যাক, আর্টসেল, চিরকুট, নেমেসিস ভালো করছে। নতুনদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ভক্তরা গানের প্রাণ।