সেলিমকে আরও অনেক দিন আমাদের দরকার ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রাইসুল ইসলাম আসাদ
রাইসুল ইসলাম আসাদ
সেলিম আল দীন
সেলিম আল দীন
সেলিম আল দীনের সঙ্গে পথচলার লম্বা সময়ে তাঁকে নানাভাবে আবিষ্কার করেছিলেন রাইসুল ইসলাম আসাদ। বন্ধু, সহকর্মী, সমালোচক—নানা রূপে তাঁরা ছিলেন একে অপরের সঙ্গে। আজ সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন রাইসুল ইসলাম আসাদ।

শুরুর সময়...
আমার আর সেলিম আল দীনের শুরুটা হয়েছিল একই সময়ে। ১৯৭২ সালে দুটি নাটকে কাজ করি আমি। একটি ফজলুর রহমানের নাটক আমি রাজা হব না। অন্যটি ছিল সেলিম আল দীনের সর্পবিষয়ক গল্প। সেখান থেকেই আমার মঞ্চের জীবন শুরু। অন্যদিকে সেলিমেরও ওটা ছিল প্রথম নাটক। সেই থেকে যে শুরু, এরপর তো চলতেই থাকল।
ঢাকা থিয়েটারের কথা...
১৯৭৩ সালে ঢাকা থিয়েটার শুরু হয়। সেখানে সেলিমের লেখা আর নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনার যুগলবন্দী বাংলা নাট্যজগতের জন্য বিরাট একটি ব্যাপার। তাদের এই যুগলবন্দীর সৃষ্টি না হলে বাংলা নাট্যজগতের কী হতো, তা ভাবতে পারি না। সেলিমের আরও বছর দশেক আমাদের সঙ্গে থাকা দরকার ছিল।
বন্ধুদের আড্ডায় সেলিম আল দীন...
পড়াশোনা শেষে যোগ দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তখন মজা করে আমরা বলতাম, ‘ঢাকায় আর আসা হবে না তোমার, এলেই তো দূষিত হয়ে যাবে!’ কিন্তু সে নতুন কিছু লিখলেই ছুটে আসত আমাদের কাছে। নতুন কিছু লিখেই আমাদের জানাত। বলত, ‘আমি আসছি। সবচেয়ে সেরা নাটকটা লিখে ফেলেছি!’ এরপর সে যখন ওই নাটক নিয়ে আসত, তখন আমরা সবাই বসে রাতভর সেই নাটকের এমন ব্যবচ্ছেদ করতাম যে সে পরদিন তার নাটক লেখা কাগজগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে রেখে চলে যেত। এরপর আবার নতুন করে নাটক লিখে নিয়ে আসত। আমাদের সঙ্গে তর্ক–বিতর্কের সময় প্রায়ই সে বলত, ‘জ্বইলা যাবি রে, তুই জ্বইলা যাবি!’ আমি, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন—আমাদের সেই আড্ডার স্মৃতিগুলো আমরা কেউই হয়তো কখনো ভুলতে পারব না।
টিভি নাটকে...
মঞ্চনাটকের সময় সেলিম ছিল এক রকম, টিভি নাটকে অন্য রকম। দুটি মাধ্যম তো একেবারেই আলাদা। তার আয়না সিরিজের কথা, সেই সিরিজের ভাঙনের শব্দ শুনি পর্বটির কথা, বাংলাদেশের নাটকের দর্শকেরা তো এখনো মনে রেখেছেন।
মানুষ সেলিম আল দীন...
কোনো মানুষই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। সেলিম আল দীনেরও কিছু ভুলত্রুটি, সীমাবদ্ধতা ছিল। কিন্তু লেখক হিসেবে সে যে স্থানে পৌঁছেছে, তার সামনে এই সীমাবদ্ধতা কিংবা ভুলগুলো খুবই সামান্য। সেলিমকে আরও অনেক দিন আমাদের দরকার ছিল।