>

অক্টোবর মাসে মুক্তি পাচ্ছে গহীন বালুচর। এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। গতকাল ঢাকার বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ছিল সিনেমাটির গানের অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। তার আগে দুপুরের দিকে প্রথম আলোর সঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা
গহীন বালুচর’ সিনেমা নিয়ে আপনি কতটা আশাবাদী?
আগামী মাসে আমাদের নিজেদের সিনেমা গহীন বালুচর ছাড়াও ঢাকা অ্যাটাক, দুলাভাই জিন্দাবাদ, খাসজমিন ও ডুব মুক্তি পাচ্ছে বলে শুনলাম। এক মাসে এতগুলো সিনেমা মুক্তির ব্যাপারটি আশার কথা। আমি তো চাইব গহীন বালুচর খুব ভালো করুক, অন্য সিনেমাগুলোও ভালো চলুক। একটি সিনেমা ভালো চললে ইন্ডাস্ট্রির লাভ নেই। এই সময়ে এসে নিজেরা সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি, আমাদের চিন্তাই ছিল একটি ভালো সিনেমা বানানো। এটা খুবই সিম্পল একটা লাভ স্টোরি। সেই জায়গা থেকে আমরা সফল হয়েছি।
এবারের ঈদে সিনেমার অবস্থা খুব একটা ভালো ছিল না।
ঈদে শাকিব খানের দুটি সিনেমা ছিল, তারপরও প্রেক্ষাগৃহ প্রায় খালি ছিল। ঈদের সময় সারা দেশে বন্যা পরিস্থিতি খুব খারাপ ছিল। মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল, সিনেমা না চলার ক্ষেত্রে সেটা একটা কারণ হতে পারে। সিনেমা বানালে কখনো না কখনো তো রিলিজ দিতেই হবে। এত বছরের কাজের অভিজ্ঞতায় এটুকু বলতে পারি, গহীন বালুচর সিনেমাটা খুব ভালো হয়েছে। ফটোগ্রাফি, গান, সম্পাদনা দারুণ হয়েছে। সবাই খুব ভালো অভিনয়ও করেছে। লোকেশন খুব সুন্দর। বাকিটা নির্ভর করছে দর্শকদের ওপর।
অনেক দিন পর ‘আয়নাবাজি’কে ঘিরে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে ...
আয়নাবাজি সিনেমার প্রচারণা খুব ভালো ছিল। অ্যাট দ্য সেইম টাইম, সিনেমা তো পুরোপুরি বিনোদন। আমি ব্যাখ্যা দিই এভাবে, সিনেমা হচ্ছে আধুনিক সময়ের একটা রূপকথা। ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দর্শক মজা পেয়েছে। বিশেষ করে সেকেন্ড হাফ খুবই এন্টারটেইনিং।
সবার একটা সাধারণ অভিযোগ, সিনেমায় কোনো গল্প নেই, চিত্রনাট্যও দুর্বল। আপনার কী মনে হচ্ছে?
আমার একটা ব্যাপার খুব ভালো লাগছে যে তরুণেরা এখন সিনেমা বানাতে আসছে। ইন্ডাস্ট্রিটা যখন মৃতপ্রায়, তখন এক মাসে ছয়টা সিনেমা মুক্তি পাচ্ছে, এটা একটা উৎসব-উৎসব ব্যাপার। আমার বারবারই মনে হয়, প্রথমে চলচ্চিত্রশিল্পকে ভালো করতে হবে, দর্শককে প্রেক্ষাগৃহে নিতে হবে। মেইনস্ট্রিম সিনেমা শক্তিশালী হয়ে গেলে, দর্শক প্রস্তুত হয়ে গেলে, এমনিতে অনেক কিছু ঠিক হয়ে যাবে।

গহীন বালুচর’ সিনেমার পরিচালক সৌদ ছোটপর্দায় পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত। এটি তাঁর প্রথম সিনেমা। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে চলচ্চিত্রের গতিময়তাটা কি পেয়েছেন?
সৌদের সঙ্গে আমরা বেশ কয়েকটি ছোট নাটক এবং দীর্ঘ ধারাবাহিকে কাজ করেছি। সেসবে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা সিনেমা বানানোর সমান। এই সিনেমার কাজ করার ক্ষেত্রেও সে অনেক প্রস্তুতি নিয়েছে, প্রচুর হোমওয়ার্ক করেছে। সে জানে, সে কী চায়। আমার কোনো সমস্যাই হয়নি। খুবই আরামদায়ক ছিল কাজটি।
এখন কী করবেন?
সামনে নতুন ধারাবাহিকের কাজ শুরু করব। এক সিনেমা দিয়ে তো ভাত খাওয়া যাবে না (হাসি)। সৌদের মাথায় এখন শুধুই সিনেমার ভাবনা। আমার মনে হয়, এই সিনেমার পর সৌদের দরজায় প্রযোজকেরা কড়া নাড়বে।
সাক্ষাৎকার: মনজুর কাদের