জাতীয় শোক দিবস উপলক্ষে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে আবৃত্তি, আলোচনা এবং পাঠ করেছেন সৈয়দ হাসান ইমাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শোক দিবস নিয়ে কথা বলেছেন তিনি।

আজ কোন কোন অনুষ্ঠানে আপনাকে পাওয়া যাবে?
বেশ কিছু অনুষ্ঠান করেছি। এর মধ্যে আরটিভিতে রাত ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ নামে একটি অনুষ্ঠান। এখানে একটি কবিতা আবৃত্তি করেছি। একুশে টেলিভিশনে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা এবং পাঠ আসর ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ প্রচারিত হবে রাত ১০টায়। এতে অতিথি হিসেবে আমি, কামাল লোহানী, শেখ হাফিজুর রহমান এবং আফসানা মিমি থাকব। আর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বেশ কিছু অনুষ্ঠানেও থাকব।
সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকে তুলে ধরার চেষ্টা কি একটা মানে এসে পৌঁছেছে?
সংস্কৃতিসেবীরা যেভাবে তাঁদের চর্চায় বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন, এটা দারুণ একটা ব্যাপার। আমাদের দেশের কবি ও সাহিত্যিকেরা বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখা লিখেছেন, সেটার কোনো তুলনা নেই। পৃথিবীর ইতিহাসে আর কোনো নেতাকে নিয়ে এত লেখালেখি হয়েছে বলে আমার জানা নেই। ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, তখন মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল। সেই ভীতি কিন্তু কাটিয়েছিলেন শিল্পী ও কবিরা। বঙ্গবন্ধু হত্যার পরে ১৯৭৬-৭৭ সালের দিকে একুশে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমিতে কবি নির্মলেন্দু গুণ তাঁর লেখা কবিতায় ‘আমি বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি’ আবৃত্তি করেছিলেন, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি, চেয়ারের হাতল ধরে শ্রোতারা নিশ্চুপ হয়ে কবিতাটি শুনছেন। কবিতা শেষ হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ অবাক হয়ে বসে ছিলেন সবাই। বঙ্গবন্ধু হত্যার পর সেবারই প্রথম প্রকাশ্যে বঙ্গবন্ধুর কথা কেউ বলেছিল।
একজন সংস্কৃতিকর্মী হিসেবে বঙ্গবন্ধুর কাছ থেকে কেমন অনুপ্রেরণা পান?
আমার সৌভাগ্য যে আমি বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলাম। আমার ১০ বছর বয়স থেকেই তিনি আমাকে চিনতেন। তিনি তখন কলেজে পড়েন। আমি বর্ধমানে নানাবাড়িতে থাকি। আমার নানা আবুল হাশিম তখন মুসলিম লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্রলীগের নেতা। তাই নানাবাড়িতে যাতায়াত ছিল তাঁর। এ কারণেই তাঁকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার।
এই সময়ের তরুণদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য কী করা যেতে পারে?
এই সময়ের তরুণেরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখাগুলো পড়লে এবং বাংলাদেশের ইতিহাস জানলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। তবে এর মধ্যে অপপ্রচারও হয়েছে। সেগুলো বর্জন করতে হবে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক