স্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর মূল ব্যস্ততা ছোট পর্দা ঘিরে। সময়-সুযোগ আর ভালো গল্প হলে সিনেমায়ও দেখা যায় তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি অজ্ঞাতনামা। তৌকীর আহমেদ পরিচালিত এ ছবিতে বাবুর অভিনয় প্রশংসিত হয়েছে। এদিকে এবারের ঈদে তাঁর একটি গানের অ্যালবামও প্রকাশ হতে যাচ্ছে। সিনেমা ও গান নিয়ে কথা হলো এ শিল্পীর সঙ্গে

ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু

অজ্ঞাতনামা সিনেমা যাঁরা দেখেছেন, সবাই আপনার অভিনয়ের প্রশংসা করছেন। সন্তান হারানো একজন পিতার চরিত্রে অভিনয়ের জন্য আপনার প্রস্তুতি কেমন ছিল?
আমি তো বছরে দু-একটাই সিনেমা করি। যাঁদের সঙ্গে কাজ করি, তাঁদের কাছ থেকে চিত্রনাট্যটা কয়েক মাস আগে নিয়ে নিই। শুধু নিজের চরিত্রটা নয়, স্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি। এর ফলে চরিত্রটা আস্তে আস্তে নিজের ভেতর গাঁথা শুরু হয়। এ ধরনের চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ থেকে চরিত্রটাকে নিজের মধ্যে লালনও করি। আর অভিনয় হচ্ছে হাইলি টেকনিক্যাল কাজ। যদিও এ ধরনের চরিত্র ফুটিয়ে তোলা আমাদের জন্য একটু জটিল; কারণ, আমাদের সেই বেদনার অভিজ্ঞতা থাকে না। এ বয়সের মানুষ দেখেছি কিন্তু সিচুয়েশন তো দেখিনি। অভিনেতাকে আসলে অনুভব করতে হয়, মনোজগতের ভেতর দিয়ে যেতে হয়, স্নায়ুর ওপর চাপ প্রয়োগ করতে হয়—এভাবেই আমরা চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করি। ভালো লাগে যখন কেউ বলেন, ‘বাবু ভাই, আপনার মধ্যে সত্যিকারের চরিত্রটাই দেখেছি।’
শোনা যাচ্ছে, ঈদে আপনার গানের অ্যালবাম প্রকাশ পাচ্ছে?
আমি গান একেবারেই করতে চাই না। আমি তো গায়ক নই। গায়ক হওয়ার জন্য যে প্রস্তুতি, সেটাও আমার নেই। তবে আমি কণ্ঠের চর্চা করি, সেটা একেবারেই অভিনেতার জায়গা থেকে। নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজও করি। আমি অনেক সৌভাগ্যবান যে আমার গানের একটা শ্রোতাগোষ্ঠীও তৈরি হয়েছে। তাঁদের দাবি তো উপেক্ষা করতে পারি না। এর মধ্যে আবার অডিও কোম্পানিরও একটা চাহিদা ছিল। হীরামন পাখি নামের এই অ্যালবামের গানগুলো শুনলে শ্রোতারা পছন্দও করবেন।
সাক্ষাৎকার: মনজুর কাদের