স্বপ্ন দেখি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজান রাজীব
মিজান রাজীব

প্রথমবার আয়োজিত গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন মিজান রাজীব। সেবার মৌলিক গানের শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া রাজীব বেশ প্রশংসিত হয়েছিলেন। সম্প্রতি বাজারে এসেছে রাজীবের নতুন একক অ্যালবাম। এই সূত্রে রোববার দুপুরে যখন কথা হচ্ছিল, তখন তিনি ছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি?
চট্টগ্রাম যাচ্ছি; বেড়াব। তবে পুরোপুরি বেড়ানোর উদ্দেশ্যে না। সন্ধ্যায় গানের অনুষ্ঠান আছে চট্টগ্রাম শহরে। সেখানে গান করব। মঞ্চের গান গাওয়াকে বেশি গুরুত্ব দিই, স্বাচ্ছন্দ্যবোধ করি।
কারণ কী?
এতে দর্শকের সরাসরি সাড়া পাওয়া যায়। দর্শকেরা এখানে আয়নার মতো কাজ করে। নিজের অবস্থানটা জানা যায়।
আপনার নতুন একটি গানের অ্যালবাম বাজারে এসেছে।
হ্যাঁ, প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে আসা আমার নতুন গানের অ্যালবামের নাম তোমার আমি। গত পরশু জি-সিরিজের ব্যানারে বাজারে এসেছে অ্যালবামটি। অ্যালবামটিতে আমার গাওয়া গান আছে আটটি। সব কটিই মৌলিক গান। এই অ্যালবামের গানগুলো লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন ফয়সাল আহমেদ। অ্যালবামের গানগুলোর কম্পোজিশন করেছেন মেহেদী ও আমজাদ হোসেন। এটি আমার চতুর্থ একক অ্যালবাম।
সমসাময়িকদের তুলনায় আপনার একক অ্যালবামের সংখ্যাটা কম, আগের অ্যালবাম প্রকাশের পর দীর্ঘ বিরতি নিলেন কেন?
অনেক দিন থেকেই অ্যালবাম করার পরিকল্পনা ছিল। কিন্তু অনেক প্রতিবন্ধকতার কারণে করা হয়নি। ভালো গানের কথা, সুর, কাকে দিয়ে মিউজিক করাব, স্পনসর কোথায় পাব—এসব নিয়ে টেনশনেই ছিলাম। গানের মানটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এসব কারণেই অ্যালবাম করার কাজ পিছিয়ে যাচ্ছিল। এই দুশ্চিন্তার মাঝে হঠাৎ জি-সিরিজের কর্ণধার খালিদ ভাই আমাকে দিয়ে একটি একক অ্যালবাম করার কথা জানালেন। আমার আর তাঁর চিন্তার কোথাও একটা বড় মিল খুঁজে পেলাম। এরপর কাজ শুরু হলো।
আগামী পরিকল্পনা কী?
পরিকল্পনা তো অনেক ছিল। কিছু সময়ের সঙ্গে হারিয়ে গেছে...কিছু এখনো বেঁচে আছে, স্বপ্ন দেখি এখনো।
এই অ্যালবামের সফলতা নিয়ে যথেষ্ট আশাবাদী?
ঠিক আশাবাদী সেটা বলতে চাইছি না। তবে আমি সন্তুষ্ট। আমি জানি না শ্রোতারা কীভাবে নেবেন, বাজারে কেমন চলবে—এ বিষয়েও আমি ধারণা করতে পারছি না। তবে আমি চেষ্টা করে যাব।
আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে ডিগ্রি নেওয়া একজন চিত্রশিল্পী। আঁকাআঁকি নিয়ে কোনো ভাবনা?
ওই যে বললাম, পরিকল্পনা অনেক আছে, কিন্তু সবকিছু তো আর পরিকল্পনা করে হয়ে ওঠে না। আপাতত নিজের মতো চর্চা করে যাচ্ছি।
সাক্ষাৎকার: মাসুম আলী