স্বপ্নপূরণের পথেই আছি আমরা

শিল্পী লিলি ইসলামের একক অ্যালবাম ১৭টি। সবই রবীন্দ্রনাথের গান নিয়ে। সর্বশেষ শ্রাবণে কলকাতার পিকাসো থেকে বেরিয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘মিলন’। রবীন্দ্রসংগীতকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গড়ে তুলেছেন রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন ‘উত্তরায়ণ’। কাল শুক্রবার এই সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ছয়টায় গীতি-আলেখ্য ‘চলার পথে’ আয়োজন করেছে ‘উত্তরায়ণ’। এই আয়োজন নিয়ে বললেন সংগঠনটির পরিচালক লিলি ইসলাম।

ভ্রমণের গান নিয়ে আয়োজন কেন?
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবদ্দশায় দেশ-বিদেশের অনেক জায়গায় ঘুরেছেন। পথে যেতে যেতে তিনি অনেক গান ও কবিতা লিখেছেন। এই যেমন রেলগাড়ি, জাহাজ, নৌকা বা গরু গাড়িতে। আমাদের অনুষ্ঠানে এমন কিছু গান ও কবিতা থাকবে যেগুলো বেড়াতে যাওয়ার পথেই লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ভ্রমণ পর্যায়ের সৃষ্টিকর্মকে অন্যভাবে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস এটি।
ভ্রমণে গিয়ে রবীন্দ্রনাথ অনেককে স্মৃতিধন্যও করেছেন, তাই না?
তিনি একবার হাঙ্গেরি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানকার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের যে কক্ষে তাঁকে রাখা হয়েছিল, সেই কক্ষটি এখনো সংরক্ষণ করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কতগুলো গান থাকবে?
অনুষ্ঠানে গীত হবে ১৮টি গান। উত্তরায়ণের শিল্পীরাই গাইবেন। আমি ও হিমাদ্রী শেখরও গাইব। রবীন্দ্ররচনা থেকে পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। শেষে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ও আমার দেশের মাটি’ গানটি গাইব।
যে স্বপ্ন নিয়ে ‘উত্তরায়ণ’-এর যাত্রা তার কতটা পূরণ হয়েছে?
এত তাড়াতাড়ি হবে না। তবে স্বপ্নপূরণের পথেই আছি আমরা। এই সংগঠনের মাধ্যমে সবার মাঝে রবীন্দ্রসংগীত ছড়িয়ে দিতে চাই। আমাদের এখনকার সমাজে মূল্যবোধের খুব অভাব। রবীন্দ্রচর্চার মাধ্যমে এখনকার মানুষের মাঝে মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।
রবীন্দ্রসংগীতে নতুনদের আগ্রহ কেমন?
তরুণদের শুধু যে আগ্রহ আছে তাই নয়, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ শিল্পীও আছেন। কিন্তু খুব অল্প সময়ে তাঁরা প্রচারে আগ্রহী হয়ে ওঠে। বেশি দিন সাধনা করতে চায় না। আগে একটি মাত্র টিভি চ্যানেল ছিল—বিটিভি। সেখানে সুযোগ পাওয়ার জন্য নিজেকে অনেক প্রস্তুত করতে হতো। এখন অনেক চ্যানেল। সহজেই সুযোগ মেলে। তাই সাধনা নেই। নিজেকে তৈরি করার প্রবণতাও কমে গেছে।
‘উত্তরায়ণ’ নিয়ে আপনার স্বপ্ন কী?
আমি এই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বহু লোক আমার এখানে শিখতে আসতে চায়। প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে আগ্রহীদের শেখাতে সুবিধাই হবে আশা করি।
সাক্ষাৎকার: মনজুর কাদের