স্বরলিপির বই তৈরির স্বপ্ন দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফরিদা পারভীন l ছবি: প্রথম আলো
ফরিদা পারভীন l ছবি: প্রথম আলো
১৭ অক্টোবর লালন শাহর প্রয়াণ দিবস। এ উপলক্ষে সংগীতশিল্পী ফরিদা পারভীন আজ গাইবেন বাংলাভিশনে। রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে শোনা যাবে তাঁর গান। এ শিল্পী আজ কথা বললেন তাঁর সাম্প্রতিক কাজ ও লালনের গান নিয়ে


মিউজিক ক্লাবের এই আয়োজনে কোন গানগুলো গাইবেন?
দর্শক-শ্রোতারা যা শুনতে চান, তা-ই গাইব। পুরো সময় ধরে চেনা-অচেনা অনেক গানই থাকবে।
এর মধ্যে আর কোনো অনুষ্ঠানে গাইবেন?
আগামী বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে ‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে গাইব। সাঁইজিকে ঘিরেই থাকবে পুরো আয়োজন। ২২ ও ২৩ অক্টোবর লালন ফাউন্ডেশনের উদ্যোগে আরেকটি অনুষ্ঠানে গান গাইতে হবে। সেখানে অবশ্য একক গান গাওয়ার পাশাপাশি তর্জমাও থাকবে।
আপনার গানের স্কুল ‘অচিন পাখি সংগীত একাডেমি’র কার্যক্রম কেমন চলছে?
এই প্রজন্মের ছেলেমেয়েদের সাঁইজির গানের একটু তালিম দেওয়ার চেষ্টা করছি আমার একাডেমির মাধ্যমে। এই স্কুলের বয়স এরই মধ্যে সাত বছর চলছে। সাঁইজির গানের পাশাপাশি এখানে শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতও শেখানো হচ্ছে। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের শিল্পী তৈরির জন্য আমরা উদ্যোগ নিয়েছি।
‘ফরিদা পারভীন ফাউন্ডেশন’ কেন?
এই ফাউন্ডেশনের মাধ্যমে আরও নানাবিধ কাজ করা যায়। এই যেমন স্বরলিপি নিয়ে কাজ করছি। অনেক দিনের স্বপ্ন সাঁইজির ১০০ গানের স্বরলিপি নিয়ে বই তৈরি করব। ২৫টি গানের স্বরলিপি তৈরি হয়ে গেছে। চারটি খণ্ডে এই স্বরলিপি প্রকাশ করব। এ কাজে আমাকে সহযোগিতা করছেন মোহাম্মদ ইদ্রিস আলী, তিনি নজরুল একাডেমির স্বরলিপি তৈরির কাজেও যুক্ত ছিলেন। আমাদের অবশ্য কেউ কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে। কিন্তু এই সহযোগিতা আরও অনেক বেশি দরকার। আমি স্বরলিপির বই তৈরি নিয়ে স্বপ্ন দেখি।
লালনের গান নিয়ে আর কোনো ইচ্ছা আপনার আছে?
তা তো আছেই। আমার জানামতে, লালন সাঁইয়ের ১ হাজার থেকে ১ হাজার ২০০-এর মতো গান আছে। এসব গান আধুনিক প্রযুক্তিতে যদি উপস্থাপন করা যায়, তাহলে খুব ভালো হতো। নতুন প্রজন্ম খুব উপকৃত হতো।
গানের অ্যালবাম নিয়ে আপনার পরিকল্পনা কী?
মরমি কবিদের নিয়ে একটি অ্যালবামের পরিকল্পনা করেছি। দূরবীন শাহ্, পাগলা কানাই, কাঙাল হরিনাথ, বিজয় সরকার, রাধারমণ—এঁদের নিয়ে ১০টি গান করার ইচ্ছে আছে।
সাক্ষাৎকার: মনজুর কাদের