স্বীকৃতিটা বোনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান lছবি: প্রথম আলো
জয়া আহসান lছবি: প্রথম আলো

আরেকটি নতুন ছবিতে অভিনয় শুরু করেছেন জয়া আহসান। এই ছবির কাজ সিরাজগঞ্জে গতকাল শুক্রবার শুরু হয়েছে। প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে ছবিটিসহ অন্যান্য ব্যস্ততার খবর জানালেন জয়া।
নতুন ছবির গল্পটি কী নিয়ে?
পেয়ারার সুবাস নামের এই ছবির পরিচালক নুরুল আলম আতিক। এই ছবির ব্যাপারে আপাতত কোনো কিছুই বলতে বারণ করেছেন পরিচালক। শুটিং তো এখনো সেভাবে কিছু হয়নি। মাত্র শুটিংয়ে এলাম। তবে কিছুটা ধারণা দিতে পারি। এই যেমন পেয়ারার সুবাস ছবিটি বাঙালদের গল্প। আমাদের এই অঞ্চলেরই গল্প। এই গল্পে একধরনের আদিমতা আছে। গল্পটি ভালো লেগেছে। নাটকে তারিক আনাম ভাই আছেন।
দেখলাম, ফেসবুকে আপনি ‘ভালোবাসার শহর’ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন।
কিছুদিন আগে আমি বলেছিলাম না, কলকাতায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করছি? এটিই সেটি। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই ছবির মোশন পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। ছবিটি ঈদে মুক্তি দেওয়া হবে। তার আগে মোশন পোস্টারটি ছাড়া হলো। এটি নতুন টার্ম বলতে পারেন। আসলে মোশন পোস্টার হচ্ছে, আমরা সাধারণত যে পোস্টার দেখে থাকি তারই ডিজিটাল রূপ।
এটা কি শুধু ভারতে মুক্তি দেওয়া হবে?
শুনেছি, নানা দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। সঠিক পরিকল্পনাটি ইউনিফক্স ডিজিটাল বলতে পারবে। মজার কথা কি জানেন, পোস্টারটি রিলিজ হওয়ার পর আমি ফেসবুকে দিলাম। দেখলাম, প্রচুর লোক পোস্টারটি শেয়ার করেছে। মাত্র চার ঘণ্টায় এত ভিউয়ার হবে ভাবিনি। কাছাকাছি সময়ে হয়তো ছবির ট্রেলার ছাড়া হবে। ৩২ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে।

‘আমি জয় চ্যাটার্জি’ নামের আরেকটি ছবির কাজ করছিলেন। কত দূর শেষ হলো?
কিছু কাজ বাকি। পাহাড়ে ওসব দৃশ্য ধারণ করার কথা ছিল। পাহাড়ে এখন বৃষ্টি নেমে গেছে, তাই এই মুহূর্তে কাজটি করা সম্ভব হচ্ছে না। পেয়ারার সুবাস-এর শুটিং শেষ করেই আমি জয় চ্যাটার্জির কথা ভাবব।

কিছুদিন আগে টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন...
গতবারও আমি টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবার পেয়েছি রাজকাহিনি ছবির জন্য। আমরা আসলে সম্মাননা পাব ভেবে কাজ করি না। কোনো কাজ যখন করি, সেই কাজের জার্নিটা খুব পছন্দ করি। ভালোবাসি। স্বীকৃতিটা বোনাস। এটা ছিল জুরিবোর্ডের পুরস্কার। সেই জায়গা থেকে আনন্দটা আরও বেশি।