হতে পারে কোনো ফিকশন, কোনো থ্রিলার অথবা রহস্যময় কিছু
ফেসবুকে একটি টিজার শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। হ্যাসট্যাগে জুড়েছেন মেড ইন বাংলাদেশ ফর দ্য ওয়ার্ল্ড! তবে কি নতুন কোনো চমক নিয়ে আসছেন তিনি। সেই টিজারের বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। পাশাপাশি আরও নানা বিষয়ে কথা হয় তাঁর সঙ্গে।
প্রশ্ন :
ফেসবুকে আপনি একটুকরো ভিডিও পোস্ট করেছেন, মনে হলো টিজার। এটা আসলে কী?
এটা হতে পারে কোনো ফিকশন, কোনো থ্রিলার অথবা রহস্যময় কিছু।
প্রশ্ন :
সেখানে কি আপনার প্রিয় ক্লিও অভিনয় করেছে?
এটা রহস্যই থাকুক। আপাতত ১২ তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না। এই তো অল্প কিছু সময়।
প্রশ্ন :
নায়ারণগঞ্জের জুস কারখানার ঘটনাটা দেখলাম আপনাকে গভীরভাবে স্পর্শ করেছে।
আমাদের আসলে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কদিন আগে মগবাজারে ঘটল, এবার নারায়ণগঞ্জে। এসব ঘটনা মানসিকভাবে আমাদের দুর্বল করে দিচ্ছে। খুবই অস্থির লাগে বিষয়গুলো ভাবলে। এখন দেখতে হবে কর্তৃপক্ষ কী বলে, এখানে সত্যি সত্যি অবৈধ কিছু ছিল কি না, আর সেখানে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা যদি শিশু শ্রমিক হয়, তাহলে এর চেয়ে জঘন্য আর কিছু হবে না। আর সবার মতো এ ঘটনা আমাকেও ভীষণভাবে নাড়া দিয়েছে।
প্রশ্ন :
ভারতে শুটিংয়ের কোনো আপডেট আছে কি?
বর্ডার না খুললে তো শুটিংয়ে যাওয়া যাবে না। সেটা ঠিকও হবে না। বর্ডার খুললে বলতে পারব কবে যাব, কবে শুটিং শুরু করতে পারব। পাইপলাইনে অনেকগুলো কাজই তো আছে। মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি ছবি। হল ঠিক হলে বোঝা যাবে ছবিগুলো কবে, কীভাবে মুক্তি পাবে। পোস্ট–প্রোডাকশনের কাজ চলছে কিছু। আর কিছু চিত্রনাট্য তো সব সময়ই হাতে থাকে।
প্রশ্ন :
কানে রেহানা মরিয়াম নূর–এর প্রতিক্রিয়া, সাদ, বাঁধনদের নিয়ে কিছু বলেন।
বাংলাদেশি হিসেবে আমিও গর্বিত। আমাদের ছবি এ রকম একটা জায়গায় গিয়ে প্রশংসা পেয়েছে, এটা সত্যি সত্যি অনেক গর্বের, ঘটনাটা ঘটে গেছে। এখন তো আমরা ইতিহাসের অংশ। টিমের সবাইকে অভিনন্দন। আমরা চাই, আমাদের আরও প্রাপ্তিযোগ ঘটুক।
প্রশ্ন :
করোনায় মৃত্যুর হার বাড়ছে। কিছু করছেন? বাইরে কি বের হতে হচ্ছে?
শুটিং–সংক্রান্ত বা অন্যান্য যোগাযোগ তো সব এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে হচ্ছে। শুটিং কেন, বাইরে বের হওয়ার ব্যাপারে আমরা সবাই খুব সাবধানতা অবলম্বন করছি। লকডাউন তো পুরোপুরি ঘরে কাটাতে হচ্ছে। এমনিতে তেমন কিছুই করা হচ্ছে না।