হানাহানির পৃথিবীতে গান শান্তির আলো ফোটায়: পবন দাস বাউল
>

বাউল গানের ভক্তদের প্রিয় একটি গান ‘দিল কি দয়া হয় না’। এই গানের মাধ্যমেই সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছেন ফ্রান্স নিবাসী ভারতীয় শিল্পী পবন দাস বাউল। গত ১০ নভেম্বর চতুর্থবারের মতো বাংলাদেশে এসেছিলেন তিনি। নভেম্বরের ১২-১৪ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল প্রথম আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। এই উৎসবের দ্বিতীয় রাতে গান করেছেন তিনি। ১১ নভেম্বর রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলের ছাদে প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেন বাউলগান ও জীবন নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহ্মুদ।
বাউলেরা যে সাধুসঙ্গ করেন, সেসবের সঙ্গে এমন বহুজাতিক লোকসংগীত উৎসবের কোনো মিল আছে?
সাধুসঙ্গ থেকে এই আয়োজন একেবারেই ভিন্ন। তবে এটাও তো বাউলদেরই মিলনমেলা। এই ধরনের উৎসব অংশগ্রহণকারী সবগুলো দেশের জন্যই আনন্দের। শিল্পীরা জনমানুষের মিলন ঘটায়। শিল্পীরা একত্র হলে মানুষও একত্র হন। হানাহানির এই পৃথিবীতে গান শান্তির আলো ফোটায়। বিভিন্ন ভূখণ্ডের ভাষা ও সুর ভিন্ন হলেও গান তো মানুষের কথাই বলে।
বাউলগানের চর্চাটা আগের মতো নেই বলে মনে হয়। আপনার কি মনে হয়?
একটু পরিবর্তন এসেছে হয়তো। এখনকার বাউলেরা একটা জায়গায় আটকে থাকছে। নিজেদের এগিয়ে নিতে গেলে অন্য দেশের লোকজ সুর নিয়ে গান বাঁধতে হবে। আমার কতগুলো সঙ্গীসাথি ছিল যারা আমাকে বলত, ওই পবন বিদেশিদের কাছে যাস নে, তুই দিগ্ভ্রান্ত হয়ে যাবি। আমি কি দিগ্ভ্রান্ত হয়েছি? মানুষের কাছে পৌঁছেছি। বহু তরুণ আমার সঙ্গে কাজ করেন, আমার গান ভালোবাসেন। আমরা শুরুতে যখন বিদেশে গিয়ে গান শুরু করলাম, আফ্রিকানরা আমাদের কাছে এলো। পবনের সুর পছন্দ করত তাঁরা। আমাদের সঙ্গে বাজাতে চাইতো, কিন্তু ছন্দ তো পারে না। সে জন্য আমরা ওদের সুর নিয়ে গান বাধলাম। ওরা সেটা শুনে আমাদের সঙ্গে বাজাতে শুরু করল।
অনেক বাউলেরা এভাবে মিলতে চায়, কিন্তু ধরতে পারছে না যে কীভাবে অন্যদের সঙ্গে মিলবে। দুটোকে কীভাবে মেলানো যায় সেটাও তো জানতে হবে।
বাউল-জীবনের সঙ্গে ধর্মের বা ঈশ্বরের যোগটা কোথায়? তাঁরা কীভাবে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করেন?
বাউলেরা ন্যাচারাল মিডিয়া। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাঁরা মানবতার বাণী পৌঁছে দেয়। এখনকার মিডিয়া কমার্শিয়াল মিডিয়া। এই মিডিয়া দিয়ে ভালো জিনিসও হতে পারে, খারাপও হতে পারে। মিডিয়ার কাজ ভালো হওয়াই উচিত। মানুষকে সুন্দর পথটা দেখানো উচিত। আজকাল তরুণেরা বাউল গানের চর্চা করছেন, সেটা আনন্দের বিষয়। ভাব-ছন্দ-কথা দিয়ে বাউল দর্শন পৌঁছাতে তাঁরাও সাহায্য করছেন। এই দেহটাকে যদি ভজা যায় তাহলে ঈশ্বরকেও পাওয়া যাবে—এই মন্ত্রটা তাঁদের জানা দরকার। আর এই চর্চাটা করতে হয় গুরুর মাধ্যমে। বলা হচ্ছে, ‘আট কুঠুরি নয় দরজা/ঘরে কোনোখানে নাই তালা/ঘর খানা হয় তিন তালা।’ এই মানব দেহই মন্দির, এখানে খুঁজলেই ঈশ্বরকে পাওয়া যাবে। বাউলেরাও ঈশ্বরের খোঁজ করে এই দেহের ভেতরে।
বাউলগানের সঙ্গে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসবে কি কোনো বাধ্যবাধকতা ছিল?
বাউলেরা যখন গান করতে শুরু করল তখন এত যন্ত্র ছিল না। আগে বাউল ফকিরদের যন্ত্র বলতেই ছিল এই ডুবকি (হাতে নিজের যন্ত্রটা দেখালেন)। শুরুতে এতে ঝনঝনিও ছিল না। শুধু চামড়া আর কাঠ। বকরি যাতে ধানখেতে গিয়ে ধান খেয়ে ফেলতে না পারে, ওদের তাড়াতেই এই ডুবকির প্রচলন। পরে এটা গান গাওয়ার যন্ত্রে পরিণত হলো। নতুন যন্ত্র ব্যবহারে কোনো বাধ্যবাধকতা নেই। সুর হচ্ছে ব্রহ্ম; এই যে আমরা কথা বলছি, এটা শব্দব্রহ্ম, এটা ঐশ্বরিক। আপনি যদি সুরের সঙ্গে নতুন যন্ত্র ব্যবহার করে ছন্দ-তাল দিয়ে সেই সুরকে আরও মধুর করতে পারেন, তাতে দোষের কিছু নেই।
বিশ্বব্যাপী বাংলা বাউলগানের গ্রহণযোগ্যতা কেমন?
গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়েছে। ফরাসি বা অন্য দেশিরা তো এক দিনেই বাংলা বাউল গান গ্রহণ করেনি। কিছু মানুষ গুরুত্ব দেন গানের কথায়, কিছু মানুষ সুরে। সুর সুন্দর হলেই পাগল হয়ে পড়েন বহু মানুষ।। সুরের ভাষাটা সবাই ধরতে পারে, কথাটা অনুমান করে নেয়। বিদেশিরা বলে, আহা বাংলা গানের কথাগুলো অনেক সুন্দর। বাংলা বাউল গানের ছন্দগুলো আধুনিক। ফলে তরুণেরা ভীষণভাবে অনুপ্রাণিত হয়।
কোক স্টুডিওতে গান করেছেন? অনলাইনের গান থেকে রয়্যালটি আসে?
পাকিস্তানের একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যখন গিয়েছিলাম, তখন কোক স্টুডিও ঘুরতে গেছি। ওদের সঙ্গে এখনো কাজ করার সুযোগ হয়নি। করব হয়তো। অনলাইনে আমার যে গানগুলো আছে, সেগুলো থেকে খুব একটা রয়্যালটি আসে না। সামান্য যা আসে তা ওই ‘রিয়াল সুগার’ অ্যালবামের গান থেকে। ওটা ভীষণ জনপ্রিয়। ফ্রান্সের একটা রেডিও আছে, গান বাজালেই রয়্যালটির টাকা পৌঁছে দেয়। বেশির ভাগ গানগুলো অনলাইনে কারা কীভাবে দিয়েছে আমার জানা নাই। অনেক ডাউনলোড হয়, শোনা হয়। ইউটিউবে শিগগির একটা চ্যানেল খোলা হবে।
বাংলার বাউলদের সম্মান ও সম্মানীর ব্যাপারগুলো সারা পৃথিবীতে কেমন?
একটা সময় বাউলদের সঞ্চয়ের কোনো নিয়ম বা প্রয়োজন ছিল না। এখন যুগ বদলেছে। নিয়মিত আয় হয় না বলে এখন সঞ্চয় করতে হয়। সম্মানীটা সবখানে ঠিকমতো দিলে বাউলেরা একটু ভালো থাকতে পারে। আমিও একটা সাধুসঙ্গ করি। আমার টাকার দরকার মূলত একটু ভালোভাবে বেঁচে থাকা, একটু সাধুসঙ্গ করার জন্য। ফ্রান্সে শিল্পীকে শিল্পী হিসেবেই দেখা হয়, বাউল নাকি ব্যান্ডশিল্পী সেসব বিবেচনার বিষয় নয়।
সাধু জগতে ঈশ্বর আর দেহ নিয়ে কি কথা হয়?
দেহই তো সব। এ তো আর ঘরে রেখে মানুষ চলতে পারে না। সাধু জগতে এই দেহ, কাম নিয়ে কথা বলা যায়। সভ্যজগতে কথা বলা যায় না। সভ্য সমাজ একে মনে করে নিষিদ্ধ কোনো বিষয়। অথচ দেহ নিয়ে, কাম নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। দেহটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, দেহের সাধন-ভজন করা যায় তাহলে দীর্ঘায়ু হওয়া যায়। কিন্তু ইদানীং বাউল দর্শনের ভিতটা ভেঙে পড়তে শুরু করেছে। আগে গ্রামের স্বামী-স্ত্রীদের দাম্পত্য সমস্যা হলে তাঁরা চলে যেতেন গোঁসাইয়ের কাছে। খোলামেলা আলাপ করতেন। গোঁসাই মা-বাবা দুজন মিলে সমাধান দিতেন সমস্যাগ্রস্ত ওই দম্পতিকে। তবে অনেক গুরু ভণ্ডামি করেছেন, প্রতারণা করেছেন বলে এই পদ্ধতির ব্যাপারে অনেক নেতিবাচক প্রচার হয়েছে।
লালনের গান করেন?
কয়েকখানা করেছি। ‘চিত্রবাণী’ নামে ফাদার রোবেজের আর্কাইভে ফিল্ম ইনস্টিটিউটের একখানা হাতে লেখা ফাইল পেয়েছিলাম। সেখানে লালনের একটা গান ছিল। গানটার কথা ভালো লেগেছিল, গাইতে ইচ্ছে করেছিল। একটু এলোমেলো ছিল বলে আমি তাতে কিছু সংযুক্তি করে ঠিকঠাক করেছি। গানটা এমন—‘এসব আনা ছেঁচা কাদাখোঁচা কি অদ্ভুত এ কারখানা/ভালো চাল ফেঁদেছো মোনা/সহজ পথে চাও না যেতে/কুপথে তে সদাই রওনা/হিংসা নিন্দা গেঁড়ি গুগলিগুলো/সার হলো তাদের তা না নানা... সিরাজ সাই কয় শোন রে লালন/এবার জাল ফেলা ছাড়া মাছ উঠল না।’
অন্যান্য দেশের লোকগানগুলো পছন্দ করেন?
মালির সুফি গান ভালোবাসি। গানের সুফি ভাবটা বুঝি, ভাষা বুঝি না। মরক্কোর সুফি গান ভালো লাগে। বব মারলেকেও ভীষণ ভালোবাসি। ওদের থেকে অনেক কিছু শিখেছি, ওরা খুব ট্যালেন্টেড। বোম্বে যেমন আফ্রিকান ও অন্যান্য সুর ব্যবহার করে, মিডল ইস্ট থেকে মেলোডি মিশিয়ে নতুন সব গান করছে। সিনেমায় সেসব গান ব্যবহার করছেন বড় বড় ডিরেক্টররা। হিন্দি সিনেমার গানে মিক্স করছে বলে ইউরোপ আমেরিকাতেও সেগুলো পপুলার হচ্ছে। এখান থেকে অনেক কিছু শেখা যায়। আমাদের বাংলা সুর ও ছন্দ অনেক এগিয়ে আছে। এখন এগোচ্ছে আমাদের মিউজিক। আরও এগোবে। তবে সেসব আমরা পেয়েছি বাইরের ওই সব ধারা থেকে। আমিও ফলো করার চেষ্টা করি।
নতুন গান বাঁধছেন?
গান শুধু! নিজের গাঁটের পয়সা খরচা করে তিনটে অ্যালবামের কাজ করে বসে আছি। গান করামাত্র কীভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে; দেখলেই কেমন যেন লাগে! সেগুলো কীভাবে কী করব জানি না। আজ রেকর্ডিং হলে কাল ডাউনলোড হয়ে যাবে। এমন হলে রেকর্ড কোম্পানি প্রফিট করতে পারবে না, আমিতো জীবনেও পারলাম না। আমি তো বড়লোক হতে চাই না। ভালোভাবে চলতে চাই। বাউল ফকিরদের ডেকে আরও সুন্দর করে মেলা-উৎসব করতে চাই। বোরালে আমরাও একটা মেলা করি শীতকালে। মার্চের ৫ম দিনে। ওখানে ১৭টা ফেস্টিভ্যাল করেছি। বহু লোক আসত।