
হিন্দি ভাষায় লালনগীতি পরিবেশন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ এত সুধীজনের সামনে। কেমন অনুভূতি?
অনবদ্য। আমার আরও আনন্দ হচ্ছে স্যার মুচকুন্দ দুবের জন্য। কী কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল লালনের এই হিন্দি অনুবাদ, তা আমি উপলব্ধি করি। আজ তা সার্থক হলো বলেই আনন্দ।
হিন্দি আপনার ভাষা নয়। গাইতে একটু আড়ষ্ট লাগছিল কি?
গানের একটা নিজস্ব ভাষা আছে। গাইতে গাইতে তা রপ্ত হয়। আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করে চলেছি। এই যে এত হিন্দিভাষীর কাছে লালনের দর্শন পৌঁছে যাবে, এটাই তো এক বিরাট কাজ।
একটু ভয় ছিল কি?
ভয় ঠিক ছিল না। কিন্তু একটু সংশয়ী হয়তো ছিলাম। মুচকুন্দ স্যারের অনুবাদ নিয়ে ঢাকায় আগে কয়েকটি গান রেকর্ড করেছিলাম। নিজেদের জন্য। তাই প্রাথমিক জড়তাটা কেটে গিয়েছিল।
এবার ডিভিডিতে তো কুড়িটি গান রেকর্ড হবে।
সেই কাজ এখনো চলছে। কঠিন পরিশ্রম। উচ্চারণ নিখুঁত করা দরকার। আটটি গান রেকর্ড হয়েছে। ১২টি এখনো বাকি। ৮ তারিখ পর্যন্ত তাই দিল্লিতে থাকছি।
খুব বড় ও ভালো একটা কাজ করলেন।
কাজটা করেছেন মুচকুন্দ স্যার। লালন শাহকে নিয়ে তাঁর প্যাশন দেখে আমি মুগ্ধ। আমি আমার মতো শুধু সাহায্যের হাত বাড়িয়েছি। বাংলা ও বাঙালির গণ্ডির বাইরে লালনকে উনি নিয়ে আসতে চাইছেন। আজকের দুনিয়ায় লালনের বড়ই প্রয়োজন।