হিবাচি এত মজা, বলে বোঝানো যাবে না!

পাঁচ দশকের বেশি সময় ধরে গান করছেন সাবিনা ইয়াসমীন। ১৯৬৭ সালে জহির রায়হানের আগুন নিয়ে খেলা ছবিতে আলতাফ মাহমুদের সংগীত পরিচালনায় প্লেব্যাক করেন তিনি। শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন নতুন সুর ছবিতে। স্বাধীনতা পদক, একুশে পদক, ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ তাঁর জন্মদিন। দিনটি নিয়ে ভাবনাসহ জীবনের ভিন্ন দিক নিয়ে গতকাল শুক্রবার সকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সাবিনা ইয়াসমীন

সাবিনা ইয়াসমিনসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

বছর ঘুরে জন্মদিন আসে, চলে যায়। কেমন লাগে?

ভালোই তো। বেশ লাগে জন্মদিনে। আরেক দিকে আসল গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, এটা নিয়ে একটু চিন্তা হয়। সত্যি বলতে, মিশ্র একটা অনুভূতি। একদিকে খুশি, আরেক দিকে চিন্তা। এখন তো মনে হয়, যতটা পেরিয়ে এলাম, তার অর্ধেকের অর্ধেকও তো থাকব না। যদিও এটাই দুনিয়ার নিয়ম।

সাবিনা ইয়াসমীন

প্রশ্ন :

যদি বলি ফেলে আসা জীবন বা শৈশবের জন্মদিনের কথা, মনে পড়ে?

ফেলে আসা দিনের জন্মদিন তো খুব মধুর। বিশেষ করে একদম ছোটবেলার এবং স্টুডেন্ট লাইফের, এর কিছুদিন পরেও বড়সড় আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করতাম। বাসায় অনেক লোকজনও আসতেন। খুব ভালো লাগত।

প্রশ্ন :

কোন জন্মদিনের কথা এই মুহূর্তে মনে পড়েছে...

সাত বছর আগের কথাটা বেশি মনে পড়ছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেবার জন্মদিন উদ্‌যাপন করেছিলাম। ওখানে সেদিনই প্রথম আমি জাপানি একটি খাবার খেলাম, যেটা কোনো দিন খাইনি। নাম হিবাচি। হিবাচি এত মজা, বলে বোঝানো যাবে না!

সাবিনা ইয়াসমিন

প্রশ্ন :

হিবাচি সম্পর্কে যদি একটু বলতেন?

জাপানি একটি রান্নার পদ্ধতি হিবাচি। টেবিলের ওপর রান্না করছে, আমাদেরই সামনে। যা যা খেতে চাচ্ছি, তা–ই রান্না করে দিচ্ছে। রাইস, ফিশ, বিফ সবই আছে। যে যেমন খেতে চায়, সেভাবেই তৈরি করে দেয়। ডিম নিয়ে একটা মজার ব্যাপার করে, ওপরে ওঠায় আবার বলের মতো আরেক হাত দিয়ে ধরে। দৃশ্যটা এখনো চোখে লেগে আছে!

সাবিনা ইয়াসমীন
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনি কি খেতে খুব পছন্দ করেন?

খেতে পছন্দ করি। দেশের বাইরের খাবারের মধ্যে স্টেক বেশি পছন্দের। আর দেশের মধ্যে যদি বলি, আমি পুরোই ভেতো বাঙালি। ডাল-ভাত, মাছ হলে তো কথাই নেই। মাছ আমার ভীষণ প্রিয়। মাছ না হলে আমার চলেই না।

প্রশ্ন :

প্রিয় মাছের তালিকায় কী আছে?

আমার সবচেয়ে প্রিয় মাছের তালিকায় আছে ইলিশ। ইদানীং মিরকা মাছ ভালো লাগছে, খুব দারুণ লাগে খেতে। তবে কই মাছ আমার ভীষণ প্রিয়, অবশ্যই দেশিটা।

প্রশ্ন :

আপনি কি নিজে রান্না করেন?

আমি নিজে রান্না করতে পছন্দ করি, কিন্তু পারি না। আমার রান্না হচ্ছে এক হাতে মুঠোফোনে ইউটিউব চালু থাকবে, আরেক হাতে রান্না করব। ভিডিওতে কোনটার পরে কোনটা দিচ্ছে, ঠিক সেভাবেই দেব। যদি বলে হলুদ আগে, অবশ্য সেটাই আগে দেব, মরিচ না। এভাবে রান্না করি, যদি না আবার ভুল হয়ে যায়। রান্না করতে সত্যিই ভীষণ ইচ্ছা করে; কিন্তু ভয় লাগে, যদি খারাপ হয়ে যায়। তবে ডাল আর ভাত আমাকে রাঁধতেই হয়।

সাবিনা ইয়াসমীন
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার রান্না খেয়ে কে কী বলেছে?

কেউ কিছু বলার সুযোগই তো নাই। আমার রান্না একমাত্র আমার মেয়েই পছন্দ করেছে, কারণ সে খেয়েছে। আমার রান্না করা খাবার ভয়ের চোটে কাউকে খাওয়াই না (হাসি)। খাওয়ালেও বলব না যে এটা আমি রান্না করেছি।

প্রশ্ন :

গানে আপনার সাফল্যের ধারেকাছেও দুই সন্তানের কাউকে সেভাবে পাওয়া যায়নি। আপনিই কি চাইতেন না?

এটা ওদেরই পছন্দ। আমার ইচ্ছা–অনিচ্ছার কিছুই ছিল না। ছেলেমেয়েদের আমি ওদের ইচ্ছার ওপরই ছেড়ে দিয়েছিলাম। মেয়ে এখন ব্যাংকে ভালো চাকরি করছে। এটাতে সে–ও খুশি, আমিও খুশি। আর ছেলে তো লন্ডনে পড়াশোনা করছে। আমি বেশির ভাগ সময় দেখেছি, বাবা-মায়েরা যে পেশায় থাকেন, ছেলেমেয়েরা সেই পেশায় খুব একটা আসে না। এলেও মা–বাবার মতো অতটা সাফল্য সাধারণত খুব একটা পায় না।

এন্ড্রু কিশোর, পুলক ও সাবিনা ইয়াসমিন
সংগৃহীত

প্রশ্ন :

শিল্প-সংস্কৃতি অঙ্গনে বাবা-মায়েরা যতটা সফল, সন্তানেরা পারে না—কারণটা কী?

আমার মনে হয়, বাবা-মায়েরা এতই ব্যস্ত থাকেন যে সন্তানদের এদিকটায় অতটা খেয়াল রাখতে পারেন না। সময় দিতে পারেন না। আমাদের মা–বাবা গানের জন্য যেভাবে সময় দিয়েছিলেন, সেভাবে আমরা তো পারিনি। এমনও শুনি, মা–বাবার অর্জন এত ব্যাপকতা লাভ করে, সেটিকে ছাড়িয়ে যাওয়াটা পরের প্রজন্মের অনেকটা কঠিন হয়ে পড়ে।

সাবিনা ইয়াসমীন

প্রশ্ন :

নতুন গানের খবর বলুন।

কদিন আগে শিল্পকলা একাডেমির উদ্যোগে একটা গান করে দিলাম। প্লেব্যাক করলাম। ‘ইত্যাদি’ অনুষ্ঠানে গেয়েও ভালো লাগল।

ইত্যাদির মঞ্চে