হুমায়ুন ফরীদি আমার আইডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ আরটিভিতে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক খেয়ার। এটি লিখেছেন আনিসুল হক। পরিচালনা সকাল আহমেদের। এতে অভিনয় করেছেন আফরান নিশো। নাটকের বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
আফরান নিশো
আফরান নিশো

‘খেয়া’তে আপনার চরিত্রটি কেমন?
নাটকটির শুটিং করেছিলাম বছর খানেক আগে। কদিন আগে অবশ্য দুই দিন সময় নিয়ে আরও কয়েকটি দৃশ্যের কাজ করেছি। নাটকে আমার চরিত্রটি খুব যুক্তিবাদী ছেলের। যুক্তি দিয়ে সে সবকিছু বিচার করে। যত দূর জানি, এটা সম্ভবত ২৬ পর্ব পর্যন্ত প্রচারিত হবে।
নাটকের কোনো সংলাপ কি মনে আছে?
একটা দৃশ্য এমন: হাসপাতালের বিছানায় শুয়ে আছে তিশা। তার ধারণা সে বাঁচবে না। আমি পাশে বসে আছি। আমাকে তিশা গলার চেইনটা দিয়ে বলে, ‘তুমি একটা বিয়ে করবে আর হবু বউকে এই চেইনটা দেবে। আমি জানি এই মুহূর্তে তুমি নতুন একটা চেইন কিনতে পারবে না।’ আমি চেইনটা হাতে নিয়ে বলি, আমি আজই একটা চেইন কিনব। তারপর দুটো চেইনই তোমাকে দেব।’ এমন একটা দৃশ্যের কথা মনে পড়ছে। সংলাপটা হয়তো এদিক-সেদিক হতে পারে।
ধারাবাহিক নাটক দর্শক কেমন দেখছে?
ধারাবাহিকগুলোর ধারাবাহিকতা বজায় রাখলে তবেই মানুষ দেখবে। না হলে দেখবে না। এখন এমন অবস্থা হয়েছে, যদি ১০০ পর্বের ধারাবাহিক হয়, তা হলে দেখা যায় বেশির ভাগ পরিচালক হয়তো ১৩ বা ২৬ পর্ব পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখছেন। তারপর কী হচ্ছে, তাঁরা নিজেরাও হয়তো জানেন না। পরিচালকেরা সব সময় বাজেটের দোহাই দিয়ে থাকেন। আমার কাছে মনে হয়, তাঁদের ধারাবাহিক নির্মাণ করা উচিত নয়।
নানা মাত্রিক চরিত্রে ঢোকার জন্য আপনি প্রস্তুতি কেমন থাকে?
বলতে পারেন আমি এদিক থেকে একটু ‘সেলফিশ’। কারণ, চরিত্রটি ঠিকঠাক করার জন্য আমি আমার মতো করে পরিশ্রম বা প্রস্তুতি নিই। আমি হিরো হতে চাই না, আমার লক্ষ্য অভিনেতা হওয়া। হিরোগিরি করলে সর্বোচ্চ বছর পাঁচেক অভিনয় করা যায়। কিন্তু অভিনেতা হলে অনেক দিন কাজ করতে পারব। আমার আইডল হুমায়ুন ফরীদি। তিনি আমাকে বলেছিলেন, কখনো অভিনয় কোরো না। তা হলে কিছুই হবে না। তাই আমি অভিনয় করি না, চরিত্রে ঢোকার চেষ্টা করি।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক