হেমলক আমার খুব পছন্দের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রকাশ পেয়েছে আসিফ ইকবালের লেখা ও অটামনাল মুনের গাওয়া ‘জীবনের হিসেব’ শিরোনামের গান। গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে অভিনেত্রী প্রসূন আজাদকে। একই সঙ্গে তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে অভিনয় নিয়ে। গতকাল কথা বললেন তিনি।

প্রসূন আজাদ
প্রসূন আজাদ

‘জীবনের হিসেব’ মিউজিক ভিডিওটা কেমন হয়েছে?
অভিনয়ের জায়গা ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। গানটিও সুন্দর।

এক বছর অভিনয়ে নিষিদ্ধ ছিলেন। আবার নতুন করে শুটিং শুরু করেছেন। মনোযোগ দিতে পারছেন?
নিয়মিতভাবে শুটিং শুরু করেছি বেশ কিছুদিন হলো। টানা এক বছর শুটিং বন্ধ থাকার ফলে বেশ মোটা হয়ে গিয়েছি। মোটা হওয়ার পরও যে এত কাজ করার সুযোগ পাব, এটা বুঝতে পারিনি।

  • হেমলক আমার খুব পছন্দের মানুষ।
  • যাকে কখনো পাইনি কিন্তু সব সময় খুঁজে বেড়াই।
  • হাতে বেলি ফুল নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে হেমলক।

মুটিয়ে যাওয়া নিয়ন্ত্রণ করছেন না?
না। এমন শারীরিক অবস্থাও কিছু চরিত্রের জন্য খুব দরকার হয়ে যায়। যেমন কদিন আগে একটা গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করলাম। বেশ ভালো হয়েছে কাজটা। এ রকম কিছু চরিত্রে অভিনয় করে তারপর নিয়ন্ত্রণ করব।

এখন তো নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন। তৃপ্ত হচ্ছেন কতটা?
সমানে কাজ করে যাচ্ছি, কিন্তু তৃপ্ত হতে পারছি না। কিছু কিছু চরিত্রে অভিনয় মনে হয় ভালো হচ্ছে। কিন্তু বাসায় ফিরে মনে হয়, ইস্! চাইলে আরও ভালো করতে পারতাম। আফসোস লাগে। এ ছাড়া অন্য সমস্যাও আছে। যেমন একটা চিত্রনাট্য পড়ে আমি ভেবে নিলাম এক রকম, সেটে গিয়ে দেখি গল্প অনুযায়ী আয়োজনটা নেই। আগে শুটিংয়ের আগে খুব আনন্দ হতো। এখন আর ও রকম লাগে না।

রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে আপনি এক বছর নিষিদ্ধ ছিলেন। এখন তিনি যদি আপনাকে আবার তাঁর নাটকে অভিনয়ের জন্য ডাকেন। যাবেন?
হ্যাঁ। কেন নয়? তখন রাগের মাথায় বলেছি, করব না। কিন্তু এখন সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আসলে ওই সময় যে ঘটনা আমার সঙ্গে ঘটেছে সেটা আমার অনেক সহকর্মীর সঙ্গেই ঘটে। কিন্তু কেউ প্রতিবাদ করে না। বেশির ভাগই মাথা নিচু করে থাকে। আমি একটু মাথা উঁচু করে ছিলাম। এই হলো পার্থক্য।

আপনার মাঝে প্রেম, বিয়ের আবার বিচ্ছেদের ঘটনাও শোনা গিয়েছিল।
আমার একজনকে পছন্দ ছিল। আমি তাঁর সঙ্গে লিভ টুগেদার করতে চাইনি। তাই বিয়ে করেছিলাম। কিন্তু ও আমার সঙ্গে শেষ অবধি অ্যাডজাস্ট করতে পারছিল না। ও থাকে অস্ট্রেলিয়ায়। তাই এখন আলাদা থাকি দুজন। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ এখনো হয়নি।

আপনি ফেসবুকে প্রায়ই ‘হেমলক’ লিখে বা তাঁকে উদ্দেশ করে স্ট্যাটাস দেন। কে এই হেমলক?
এটা আমার একটা কাল্পনিক চরিত্র। হেমলক আমার খুব পছন্দের মানুষ। যাকে কখনো পাইনি কিন্তু সব সময় খুঁজে বেড়াই। আমার চাওয়া একদিন তুমুল বৃষ্টিতে সাদা পাঞ্জাবি পরে হাতে বেলি ফুল নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে হেমলক।