আজ রোববার আরটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে অলসপুর ধারাবাহিকের হাজারতম পর্ব। মামুন উর রশীদের রচনা ও আল হাজেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নাদিয়া। অলসপুরসহ বেশ কিছু বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।

আপনার অভিনীত ‘অলসপুর’ ধারাবাহিক ১ হাজারতম পর্ব পার করছে।
হ্যাঁ। এটা সত্যি ভালো লাগার ব্যাপার। এই ধারাবাহিকের শুরু থেকে আমি ছিলাম না। মাঝামাঝিতে ঢুকেছি।
নাটকটির জন্য দর্শকের কাছ থেকে সাড়া কেমন পান?
সাড়া তো অবশ্যই ভালো, বিশেষ করে দেশের বাইরের বাঙালি দর্শকেরা খুব পছন্দ করেন। আমি বেশ কিছু দেশে গিয়ে এটা টের পেয়েছি। আর ১ হাজার পর্ব তো আর এমনি এমনি হয়নি। জনপ্রিয় এবং সবাই পছন্দ করে বলেই হয়েছে।
নাটকটির এত দূর আসার পেছনে মূল কারণ কী?
গল্প। কারণ নাটকটিতে নতুন নতুন গল্প এসেছে, গেছে। সঙ্গে অভিনয়শিল্পীদের অভিনয়ও। আর পরিচালকসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক চেষ্টাই নাটকটিকে এত দূর নিয়ে এসেছে।
এবার একটু অন্য প্রসঙ্গ। নাঈমের (নাদিয়ার স্বামী) সঙ্গে বেশ কিছু নাটকের কাজ করছেন। শুটিং সেটে নাঈম থাকলে বেশি ভালো লাগে? নাকি না থাকলে?
(হাসি) আসলে সেটে থাকলে নাঈম পুরোপুরি সহশিল্পী। এর বাইরে কিছু ভাবতে চাই না। তবে এটা সত্যি, ও সেটে থাকলে সহযোগিতা ও কেয়ার বেশি করে। কিন্তু আমরা আসলে একসঙ্গে কাজ করতে চাই না।
কেন?
এটা বলা কঠিন। তবে সবাই হয়তো ভাববে আমরা একসঙ্গেই শুধু অভিনয় করি—এই ধারণাটা ভাঙতে চাই। আমরা অভিনয়শিল্পী। সব জায়গাতেই অভিনয় করতে পারি। যেমন এবারের ঈদে আমার সঙ্গে ওর খুব বেশি কাজ হয়নি। অনেক দিন পর গত সপ্তাহে একটি নাটকে অভিনয় করলাম মাত্র।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক