
লিলি ইসলাম। রবীন্দ্রসংগীত শিক্ষা সংগঠন উত্তরায়ণ-এর পরিচালক। সংগঠনটির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে গান করবেন। কথা হলো তাঁর সঙ্গে
উত্তরায়ণের আজকের আয়োজন...
আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানই থাকবে। চার বছর ধরে আমরা এই সংগঠন থেকে অনুষ্ঠান করে আসছি। প্রতিবারই বৈচিত্র্য থাকে। এবারের বিষয় বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের ব্যবহার। ত্রিশের দশক থেকে এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রসংগীত নিয়ে আজকের আয়োজন। আমি ছাড়া এই অনুষ্ঠানে গান গাইবেন হিমাদ্রী শেখর, শিমু দে এবং উত্তরায়ণের শিক্ষার্থীরা।
একেকবার একেকটি বিষয় নিয়ে কাজ করার কারণটা কী?
রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক রয়েছে। প্রতিটি দিক এত বিস্তৃত যা বলে শেষ করা সম্ভব না। একবার একটি বিষয় নিয়ে কাজ করার ফলে শিক্ষার্থী ও আমন্ত্রিত দর্শক-শ্রোতারা সেই বিষয়টি সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। আমরা কিন্তু গানের পাশাপাশি ভিজ্যুয়ালি গানের প্রেক্ষাপটও তুলে ধরার চেষ্টা করি।
প্রতিবারই কলকাতা থেকে শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন। এবারও কি কলকাতা থেকে কেউ আসছেন?
আমার এই অনুষ্ঠানটিকে দুই বাংলার মিলনমেলা বলে মনে করি। এবার আমরা কলকাতার চারজন গুণী মিউজিশিয়ানকে আমন্ত্রণ জানিয়েছি। এঁরা হলেন তবলায় বিপ্লব মণ্ডল, কি-বোর্ডে সুব্রত মুখার্জি, বাঁশিতে সুশান্ত নন্দী আর বেহালায় সন্দীপন গাঙ্গুলি। এঁদের সঙ্গে আমাদের দেশ থেকে থাকবেন গিটারে দীপন আর অক্টোপ্যাডে পার্থপ্রতিম গুহু।
নতুন অ্যালবাম আসছে কবে...
কলকাতা থেকে আমার একটি অ্যালবাম প্রকাশিত হবে। আমার ১৭তম একক। শুনেছি সামনে পূজায় অ্যালবামটি প্রকাশিত হবে।
বাংলাদেশ থেকে কোনো অ্যালবাম?
অক্টোবর-নভেম্বর নাগাদ উত্তরায়ণ সংগঠনটিকে একাডেমিতে রূপান্তর করছি। এরপরই বাংলাদেশ থেকে নতুন একক অ্যালবামের কাজ শুরু করব।