
রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করে পেয়েছিলেন জনপ্রিয়তা। এখন তিনি উপস্থাপনা করছেন বিয়েবিষয়ক অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’। কথা হয় উপস্থাপক শারমিন লাকীর সঙ্গে।
বিয়ে নিয়ে নিয়মিত অনুষ্ঠানে আগ্রহী হলেন কেন?
বিয়ে তো সবার ভালো লাগার মতোই একটা ব্যাপার। এ ব্যাপারে সবার অনেক আগ্রহও কাজ করে। বিয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে ‘লাক্স ব্রাইডাল শো’। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে কোথায় গেলে বিয়ের কাজি মিলবে, এমন সব তথ্যও থাকে এই অনুষ্ঠানে। সামনে যাঁরা বিয়ে করতে যাচ্ছেন, তাঁদের জন্য অনুষ্ঠানটি খুব জরুরি। এটি প্রচারিত হয় আরটিভিতে। সোমবার রাত নয়টা ৫০ মিনিটে।
অনুষ্ঠানটি করার অভিজ্ঞতা কেমন?
খুবই ভালো। অনুষ্ঠান দেখার পর এখন অনেকেই আমাকে ‘নতুন বউ’ বলে ডাকে। বিপত্তিও আছে! কাছের লোকজন দেখা হলেই বিয়ের খানাপিনা খেতে চায়।
প্রাথমিক চিকিৎসা-পদ্ধতির ওপর প্রশিক্ষণ নিয়েছেন শুনলাম?
হ্যাঁ। কদিন আগে রেড ক্রিসেন্টে ‘প্রাথমিক চিকিৎসা-পদ্ধতি’ ওপরে প্রশিক্ষণ নিয়েছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। এই প্রশিক্ষণ যে কত জরুরি, সেটা হাতে-কলমে নিজে না নিলে বুঝতাম না।
নতুন কাজের খবর...
বিজ্ঞাপনে কণ্ঠ দিচ্ছি নিয়মিত। সামনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনটিভিতে কবিতা আবৃত্তির অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি।