'অন্য রকম ফেরদৌসকে সবাই দেখতে পাবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করছেন। সম্প্রতি নতুন একটি ছবির শুটিংয়ে কলকাতায় যান তিনি। কিন্তু দুই দিন ধরে তাঁর মুঠোফোনে কোনোভাবেই সংযোগ মিলছিল না। বাধ্য হয়ে তাই খুদে বার্তা পাঠিয়ে রাখা হয়। গতকাল শনিবার বেলা পৌনে তিনটায় ফোন করলে কথা হয় তাঁর সঙ্গে...
ফেরদৌস
ফেরদৌস

আপনার মুঠোফোনটা বন্ধ পাচ্ছিলাম, কোনো সমস্যা না তো?
না, কোনো সমস্যা না। তবে আমি একটু মুঠোফোন নেটওয়ার্কের বাইরে আছি।
আপনি কি দেশে, নাকি দেশের বাইরে?
আমি এখনো কলকাতায়। গত সপ্তাহে এসেছি। আজ (শনিবার) হলদিয়া এলাকায় ছবির শুটিং করছি। এখানে মুঠোফোনের নেটওয়ার্ক খুব ঝামেলা করছে। তাই যোগাযোগে সমস্যা হচ্ছে।
কোন ছবির কাজ করছেন?
ছবির নাম এখনো ঠিক হয়নি। প্রদ্যুত ব্যানার্জির এই ছবিতে আমার বিপরীতে আছেন দুজন নতুন নায়িকা—পলোমি সেনগুপ্ত ও ঋতিকা সেন। এই ছবিতে আরও আছেন ভিক্টর ব্যানার্জি।
ভিক্টর ব্যানার্জির সঙ্গে এর আগেও তো কাজ করেছেন?
হ্যাঁ, করেছি। হরনাথ চক্রবর্তীর দাদাঠাকুর ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। সেই হিসাবে এক যুগ পর ভিক্টর ব্যানার্জির সঙ্গে কাজ করছি। আমার দেখা সবচেয়ে স্টাইলিশ অ্যাক্টর তিনি। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ। তাঁকে এমনিতে এখনকার অনেকে ভয় পান। কিন্তু আমার সঙ্গে তাঁর সম্পর্কটাই অন্য রকম। এটাকে অসম বয়সের বন্ধুত্বও বলা যেতে পারে।
দেশে ফিরছেন কবে?
মাস খানেক হয় ছবিটির কাজ শুরু করেছি। ৫ তারিখ রাতে অথবা ৬ তারিখ সকালে ঢাকায় ফিরব। ফিরে এসেই কৃষ্ণপক্ষ ছবির শুটিং করব। এখানে আমি অতিথি চরিত্রের অভিনেতা।
কিছুদিন আগে শুনেছিলাম, ‘কালের পুতুল’ নামের একটি ছবির কাজ শুরু করেছেন?
ঠিকই শুনেছেন। কলকাতায় আসার আগেই ছবিটির বেশির ভাগ অংশের কাজ শেষ করেছি। আর কিছুদিন শুটিং হলেই পুরো ছবির কাজ শেষ হয়ে যাবে। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন বীথি ও মুন নামের দুজন নবাগত অভিনয়শিল্পী। ছবিটিতে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা আগে কোনো দিন দেখা যায়নি। অন্য রকম ফেরদৌসকে সবাই দেখতে পাবেন।
শুটিং শেষ হয়ে আছে—এমন ছবিগুলো কী?
কয়েকটি ছবির কাজ শেষ হয়ে আছে। এর মধ্যে আছে দিলশাদুল হকের লিডার, মৌসুমীর শূন্য হৃদয়, মুশফিকুর রহমান গুলজারের মন জানে না মনের ঠিকানা, নঈম ইমতিয়াজ ও তপন চক্রবর্তীর ছেড়ে যাস না।

সাক্ষাৎকার: মনজুর কাদের