'অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রাজ্জাক
রাজ্জাক
শারীরিক অসুস্থতার জন্য তিন বছর ধরে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন চিত্রনায়ক রাজ্জাক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে যেতে হয় হাসপাতালেও। চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। এই সময়টায় তাঁকে কেন্দ্র করে তৈরি হয় নানা গুজব। এবারও হঠাৎ করেই খবর ছড়াল, রাজ্জাক আর অভিনয় করবেন না। রাজ্জাক নিজেই নাকি এমনটা বলেছেন। কিন্তু যাঁকে নিয়ে এমন কথা, সেই রাজ্জাক কী ভাবছেন, তা জানতে প্রথম আলো থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

আপনি নাকি আর অভিনয় করবেন না?
কে বলল এমন কথা!
আপনিই নাকি বলেছেন?
আমি বলেছি, অথচ আমিই জানি না!
এর মানে অভিনয় ছাড়ছেন না আপনি?
অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না। অভিনয়ের কারণেই দেশের মানুষ আমাকে ভালোবেসেছে, আমাকে আজকের রাজ্জাক বানিয়েছে। অভিনয়টা আমার প্রতিটি রক্তকণার সঙ্গে মিশে আছে। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় ছাড়ার চিন্তা করাটাও আমার পক্ষে সম্ভব না।
কবে নাগাদ আপনাকে অভিনয়ে নতুন করে পাওয়া যাবে?
চিকিৎসক আমাকে নিয়ম মেনে চলতে বলেছেন। তাই আরও মাস দুয়েক নতুন কোনো কাজ করতে পারব না। এরপর যদি ভালো কোনো গল্পের সন্ধান পাই, নিঃসন্দেহে কাজ করব।
আপনি তো এখন বাসা থেকে বের হন না। সময় কাটে কীভাবে?
নাতি-নাতনিদের নিয়ে অনেকটা সময় কেটে যায়। এই আনন্দ একেবারেই অন্য রকম। মন চাইলে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি।
আপনার দুই ছেলেও তো চলচ্চিত্রজগতের সঙ্গে জড়িত। এটা আপনাকে কতটা স্বস্তি দেয়?
চলচ্চিত্রে সন্তানদের যুক্ত হওয়াটা আমার জন্য অনেক আনন্দের। এখন আমি অভিনয় না করলেও সন্তানদের কাজগুলো মন দিয়ে দেখি। তারা নানা বিষয়ে আমার কাছে পরামর্শ চায়। আমি তাদের পরামর্শ দিই। এটাও কিন্তু একরকম অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার মতোই। সন্তানদের এই কাজগুলো আমি খুব উপভোগ করছি।
বর্তমান চলচ্চিত্রের অবস্থা নিয়ে আপনার ধারণা...
যে চলচ্চিত্রে অভিনয় করে আমি ‘নায়করাজ’ হয়েছি, সেই বাংলাদেশি চলচ্চিত্রের অবস্থা এখন আমার শারীরিক অবস্থার মতোই। এ কথা মনে এলে খুব
কষ্ট পাই।