'আগামী বছরই নতুন ছবির কাজে হাত দেব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঈদ উদযাপন করতে অস্ট্রেলিয়া গেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। যাবার আসে গত ২২ সেপ্টেম্বর রাতে বিমানবন্দরে বসে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর সঙ্গে কথা বলেছেন হাবিবুল্লাহ সিদ্দিক ।
এবারের ঈদের পরিকল্পনা কি?
আমার স্ত্রী ও দুই সন্তান অষ্ট্রেলিয়া থাকে। এবারের ঈদটা ওদের ওখানেই উদযাপন করব। ঈদের পরপরই ঘুরতে বের হব। আমার দুই সন্তানের স্কুল তখন বন্ধ থাকবে। ওদের সঙ্গে তো আসলে কম সময় কাটাই। তাই এই সুযোগটা মিস করতে চাই না। ওখানে মাসখানেক থাকার ইচ্ছে আছে।
ঈদুল ফিতরে আপানাকে খুব বেশি টিভিতে দেখা যায় নি। এবার কি দেখা যাবে?
ঈদুল ফিতরের কিছুদিন আগে আমার ‘জিরো ডিগ্রি’ ছবিটি মুক্তি পেয়েছিল। এ কারণে টেলিভিশনে খুব একটা কাজ করা হয়নি। এবার অল্প কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছি। দুটি নাটক পরিচালনা করেছি। আমার পরিচালিত ‘তুমি আমাকে বলোনি’ নাটকটি এনটিভিতে এবং ‘বাতাসের মানুষ’ চ্যানেল আইতে প্রচার হবে।
আপনি তো উপস্থাপনাও করলেন এবার!

আসলে উপস্থাপনা করা আমার কাজ না। আমি এই কাজটাতে মোটেও আগ্রহী নই। কিন্তু আমাকে যখন চ্যানেল থেকে বলা হলো, অনুষ্ঠানের অতিথি কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, তখন তাঁর সঙ্গে গল্প করার লোভ সামলাতে পারলাম না। বলা যায় ‘হারানো দিনের গান’ নামের ওই অনুষ্ঠানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে গল্প করেছি আমি।
আগে কি কখনো উপস্থাপক হয়ে চেয়ারে বসেছিলেন?
বেশ কয়েকবছর আগে অভিনেতা আফজাল হোসেনের অনুরোধে একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। ওটাও আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা ছিল।
আপনার অভিনীত বেশকিছু নাটক নতুন করে রিমেক হচ্ছে। বিশেষ করে হ‌ুমায়ূন আহমেদের ‘এই বৈশাখে’ ও ‘যইতরী’ সম্প্রতি রিমেক হলো। কেমন লাগছে?
একটা ব্যাপার হলো, মানুষ তো সারাজীবন তরুণ থাকবে না। এ কারণে রিমেক করার জন্য তরুণ অভিনয়শিল্পীদের নেয়া হচ্ছে। নতুন করে নির্মাণ হওয়ায় আমি আনন্দিত। তবে একটা কথা বলব, যদি আগের নাটকের ইমেজ ভাঙা না যায়, তাহলে বিষয়টা ভালো দেখায় না। দুটি নাটকই নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। তাঁর নির্মাণের প্রতি আমার আস্থা আছে।
নতুন কোনো ছবির পরিকল্পনা করছেন?
আগামী বছরই নতুন ছবির কাজে হাত দেব। এখন গল্প বাছাই চলছে। সমস্যা হলো একটা গল্প ভালো লাগে, পরে আবার নতুন একটা গল্প হাতে আসায় সেটি ফেলে দিই। এইটুকু বলে রাখছি, আমার নতুন ছবি হবে সম্পূর্ণ বাণিজ্যিক ছবি। হলে বসে দর্শক পূর্ণ বিনোদন নিয়ে বাসায় ফিরবেন।