
আজ দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেল হিন্দি ছবি ওয়ান্টেড। আমদানীকৃত এ ছবি নিয়ে তর্ক-বিতর্ক এখন সবখানে। কেউ বলছেন, দেশের বাজারে হিন্দির ছবির প্রবেশ ফেলবে ক্ষতিকর প্রভাব। আবার কারও দৃষ্টিতে, হিন্দি ছবির মুক্তি বাংলাদেশি চলচ্চিত্র বাজারকে আরও এগিয়ে নিয়ে যাবে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলেছেন হিন্দি ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ইনউইন এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইফতেখার উদ্দিন নওশাদ ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান
‘ওয়ান্টেড’ মুক্তি পেয়েছে। এখন আপনাদের আন্দোলন কোন দিকে মোড় নেবে?
ছবি মুক্তি পেলেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের লক্ষ্য একটাই, হিন্দি-উর্দু ভাষার ছবি প্রতিহত করা।
কর্মসূচি নিয়ে কিছু ভেবেছেন?
আমরা কোনোভাবেই ভারতীয় ছবির ক্ষেত্রে নমনীয় হব না। ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’ দরকার পড়লে হলে হলে গিয়ে এ ছবি প্রদর্শনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা প্রতিদিনই বৈঠক ও আলোচনা করছি। আন্দোলন আরও জোরদার হবে।
আন্দোলনের ব্যাপারে আপনারা আশাবাদী?
আমরা আশাবাদী। আমাদের ডাকে সরকার অবশ্যই সাড়া দেবে। বিগত সময়েও এই সরকার আমাদের চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সহায়তা করেছে। তাই এবারও সরকার আমাদের ডাকে সাড়া দেবে বলে আমার বিশ্বাস।
পরিবেশক ও আমদানিকারকেরা বলছেন, তাঁদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য এটি জরুরি। তাহলে?
আমি এটা মানতে নারাজ। সরকার আমাদের চলচ্চিত্রশিল্প ও এই বাজারকে এগিয়ে নিতে অনেক ছাড় দিচ্ছে। চলচ্চিত্র খাতের জন্য আলাদা বাজেট রাখা হয়েছে। প্রচুর অনুদান দিচ্ছে। তাই তাদের এই যুক্তি ভিত্তিহীন। একটি চক্র আসলে সুযোগ খুঁজছিল, কেমন করে এ দেশে অপসংস্কৃতিকে প্রবেশ করানো যায়। তারা অবশেষে সেই সুযোগ পেয়ে গেল। এই চক্রান্তকে কোনোভাবেই সফল হতে দেব না আমরা।
আপনাদের প্রত্যাশা ও দাবি কী?
এমনিতেই টেলিভিশনের মাধ্যমে ভিনদেশি সংস্কৃতি আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। কিন্তু এখন চলচ্চিত্রশিল্পকে ধ্বংস হতে দেব না আমরা। তাই আমাদের দাবি, হিন্দি ছবির আমদানি বন্ধ করতে হবে।
সাক্ষাৎকার: আদর রহমান