
আজ দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেল হিন্দি ছবি ওয়ান্টেড। আমদানীকৃত এ ছবি নিয়ে তর্ক-বিতর্ক এখন সবখানে। কেউ বলছেন, দেশের বাজারে হিন্দির ছবির প্রবেশ ফেলবে ক্ষতিকর প্রভাব। আবার কারও দৃষ্টিতে, হিন্দি ছবির মুক্তি বাংলাদেশি চলচ্চিত্র বাজারকে আরও এগিয়ে নিয়ে যাবে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলেছেন হিন্দি ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ইনউইন এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইফতেখার উদ্দিন নওশাদ ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান
‘ওয়ান্টেড’ মুক্তি দিচ্ছেন আপনারা?
অবশ্যই। দীর্ঘ তিন বছরের চেষ্টা শেষে আমরা আমদানি করা হিন্দি ছবি মুক্তি দিতে পারছি। মোট ৬০টি হলে মুক্তি পাচ্ছে ওয়ান্টেড। আশা করছি, এর মধ্য দিয়ে আমরা যাঁরা চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা লাভের মুখ দেখব।
এর বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এতে কোনো সমস্যা হবে না তো?
আমরা তো কোনো সমস্যা দেখছি না। বরং এটা আমাদের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেমন জরুরি, তেমনই চলচ্চিত্রশিল্পেও একটি প্রতিযোগিতামূলক পরিবেশের তৈরি করবে। এর ফলে দেশে আরও ভালো ছবি তৈরি হবে। একটা সময় দেখা যাবে আমাদের আর বিদেশি ছবি চালাতে হবে না।
আপনারা তাহলে সব ধরনের সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত?
সমস্যার সম্মুখীন হওয়ার প্রশ্ন আসবে কেন? তবুও আমরা আমাদের সাধ্যমতো নিরাপত্তার ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছি। ব্যক্তিগতভাবে আমার তত্ত্বাবধানে থাকা মধুমিতা প্রেক্ষাগৃহে আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রাখব।
যে অভিযোগ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা করছেন, তা নিয়ে আপনি কী বলবেন?
দেখুন, আমাদের তো এটা ব্যবসা। আমরা যদি হলই চালাতে না পারি, তাহলে চলচ্চিত্র শিল্প কী করে ভালো অবস্থানে যাবে? আর তা ছাড়া যে ছবি এখন প্রদর্শিত হবে, এগুলো অনেক পুরোনো। এরই মধ্যে টিভিতে অসংখ্যবার এটি দেখানো হয়েছে। তাই এটা নিয়ে শঙ্কিত হওয়ার তো কিছুই নেই।
আপনারা কি আন্দোলনকারী শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে বৈঠকে বসবেন?
অবশ্যই বসব। আমরা তো একই পরিবারের। তাই বসতেই হবে। আমাদের সঙ্গে এরই মধ্যে কিছুসংখ্যক চলচ্চিত্র প্রযোজকের কথা হয়েছে। তাঁরা বিষয়টি ইতিবাচকভাবেই নিচ্ছেন। আশা করছি, শিল্পী ও কলাকুশলীদেরও আমরা আমাদের অবস্থান বোঝাতে পারব। আগামী শনি কিংবা রোববারেই বৈঠক হতে পারে।