>তিন দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন শহীদুজ্জামান সেলিম। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন শাখাতেই তাঁর দাপুটে বিচরণ। পরিচালনাও করেন। তাঁর অভিনীত অজ্ঞাতনামা সম্প্রতি ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য মনোনীত হয়েছে। তেহরানে ২১ এপ্রিল শুরু হচ্ছে এই উৎসব। এই সিনেমাসহ অন্যান্য প্রসঙ্গে গত বুধবার দুপুরে এই অভিনেতার সঙ্গে কথা যখন হয়, স্বল্পদৈর্ঘ্য সিনেমার শুটিংয়ে তিনি তখন ঢাকার সূত্রাপুরে।

স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নিয়ে বলুন।
এর আগে কখনোই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করিনি। সাইকো থ্রিলার ধরনের গল্পের নাম ন-মানুষ। উদ্ভট একটি গল্প। ১২-১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার পরিচালক রেজওয়ান সিদ্দিকী।
অনেকেরই অভিযোগ, ইদানীং নাটক আর সিনেমায় ভালো গল্প হচ্ছে না।
আমি মনে করি না গল্পের সংকট আছে। ফরমাশি গল্প এখন বেশি হচ্ছে। তাই সংকট তো থাকবেই। এখন বেশির ভাগ গল্প চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলা সাহিত্যে অনেক গুণী লেখক আছেন। তাঁদের রয়েছে হাজার হাজার গল্প। কারও সঙ্গে কারও মিল নেই। ফরমাশি গল্পের কারণে সংকট থেকে যাচ্ছে। এখন তো চ্যানেল আর এজেন্সি এমনও বলে দেয় যে গল্পে এমনটা থাকবে, তেমনটা থাকবে; তখন একজন লেখক তো তাঁর স্বাধীনতা নিয়ে লিখতে পারেন না।
পরিচালক, অভিনয়শিল্পী—আপনারা তো সবাই এটা মেনে নিচ্ছেন।
এখন তো যার পরিচালনা করার কথা সে তা করছে না। যার অভিনয় করার প্রয়োজন নেই সেও করছে। আবার যার নাটক লেখার দরকার নেই সেও দেদার লিখছে। ট্রেন্ডটাই ওরকম হয়ে গেছে। আমরা এই ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। খুব সন্তুষ্টি নিয়ে যে কাজটি করছি, তা কিন্তু না। এসব কারণেই নাটক-সিনেমার গুণগত মান পড়ে যাচ্ছে। এসব প্রসঙ্গে কথা বলতে পাঁচজন অভিনয়শিল্পী একত্র হতে পারছি না। কেউ বলছে না এ ধরনের ফরমাশি গল্পে কাজ করব না। বললে হয়তো চিত্র বদলে যেত। আমাদের ঐক্যে ঘাটতি আছে।
‘অজ্ঞাতনামা’ এবার ইরানের উৎসবে যাচ্ছে...
এর আগে আরও কয়েকটি উৎসবে অংশ নিয়েছে তৌকীর আহমেদ পরিচালিত এই ছবি। আমি খুবই আনন্দিত। আমাদের সিনেমা বাইরের দেশে প্রদর্শিত হচ্ছে, প্রশংসা কুড়াচ্ছে, পুরস্কারও অর্জন করছে। আমাদের সংস্কৃতিকে দেশের বাইরের মানুষের কাছেও তুলে ধরতে পারছি।
এখন নাটকের অনেক সংগঠন। বাংলাদেশের দর্শকদের নাটকমুখী করতে এসব সংগঠন কতটা ভূমিকা রাখতে পারবে?
সংগঠনগুলো যদি একসঙ্গে কাজ করে, তাহলে ভালো ভূমিকা রাখতে পারবে। কে কতটা পালন করতে পারবে তা দর্শক দেখবে, মানুষও দেখবে।
সাক্ষাৎকার: মনজুর কাদের