>আজ জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক রাজ্জাক। বাংলাদেশের সিনেমার গুণী এই অভিনেতা চলচ্চিত্রের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় নিয়ে গতকাল রোববার দুপুরে কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

বাংলাদেশের সিনেমার বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই।
ভালো অবস্থায় নেই আমাদের দেশের চলচ্চিত্রশিল্প। আকাশ–সংস্কৃতিটা খুব বেশি মাত্রায় ক্ষতি করেছে। এখন ঘরে বসে সিনেমা দেখছি। সিনেপ্লেক্সগুলো চলছে যা, বাকি প্রেক্ষাগৃহের অবস্থা খুব খারাপ। হলে গিয়ে সিনেমা দেখার ঐতিহ্যটা হারিয়ে ফেলেছি।
এই ঐতিহ্য হারিয়ে ফেলার কারণটা কী?
আমরা এখনো কারিগরি দিক থেকে অনেক পিছিয়ে আছি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পর্যাপ্ত সিনেমা হল নেই। বাইরের দেশে সিনেমা হলগুলো এত উন্নত যে দর্শক ঢুকলে আর বের হতে চান না। আমাদের দেশের হলগুলোতে ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা চালু হওয়ার পর হলে ছবির প্রদর্শনীর জন্য প্রযোজকদের কাছ থেকে মেশিন ভাড়া করতে হয়। প্রেক্ষাগৃহের মালিক ডিজিটাল প্রজেক্টর মেশিন কেনেননি। দেশের সব হলের মালিকদের নিজেদের তাগিদে হলগুলো ডিজিটালাইজড করতে হবে। আধুনিক প্রযুক্তি আনতে হবে। হলমালিকের নিজেদের পক্ষ থেকে কোনো বিনিয়োগ নেই; বরং সুযোগ পেলেই তাঁরা হল ভেঙে সুপার মার্কেট বানিয়ে ফেলছেন। আমাদের মধ্যে সিনেমার জন্য দরদটা কমে গেছে।
শুধু কি প্রজেকশন সিস্টেম আধুনিক করলেই হবে?
না। সিনেমাও ভালো হতে হবে। আমরা এখন নকলপ্রিয় হয়ে গেছি। সবাই পাগলের মতো পয়সার পেছনে দৌড়াচ্ছে। শুধু পয়সা দিয়ে তো আর চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নেওয়া যায় না। সিনেমার প্রতি প্রেম থাকতে হবে।
এসবের মধ্যেও কোনো আশার আলো কি দেখছেন?
এখনো যদি ভালো সিনেমা হয়, দর্শক কিন্তু দেখছেন। এই তো গত বছর আয়নাবাজি সিনেমা দেখার জন্য দর্শক দেখলাম হুমড়ি খেয়ে পড়েছেন। কম বাজেটে ভালো মানের গল্পের সিনেমা বানালে অর্থনৈতিক নিরাপত্তা থাকবে এবং সিনেমাও লোকে দেখবেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমার বাজেট এখন কত হওয়া উচিত?
বাংলাদেশের সিনেমার বাজারের অবস্থা এখন যা, তা দেখলে মনে হয়, ৬০-৭০ লাখ টাকার বেশি হওয়া উচিত না।
গত কয়েক বছরে আপনি একাধিক সিনেমা বানিয়েছেন। অভিজ্ঞতা কী?
আমি শেষ যে সিনেমাটি বানিয়েছি, সেটা প্রেক্ষাগৃহে প্রজেকশন মেশিন ভাড়া করে দেখাতে হয়েছে। এটাতে আমি অপমানিতবোধ করেছি। আমি সিনেমা বানিয়েছি, তুমি হলমালিক হিসেবে তা দেখাবে; কিন্তু মেশিন ভাড়া কেন আমি দেব! আজকাল একদল লোক লুটেপুটে খাচ্ছে সব। সিনেমায় এখন অনেক গডফাদার জুটে গেছে। সবাই এখন ব্যবসা করার মানসিকতায় এখানে কাজ করছে, কেউ সিনেমাকে ভালোবাসছে না। নতুন আরেকটা বিষফোড়া হয়ে গেছে, যৌথ প্রযোজনার ছবি।
যৌথ প্রযোজনার ছবিকে বিষফোড়া কেন বলছেন?
যৌথ প্রযোজনা তো এভাবে হয় না, যেভাবে এখন হচ্ছে। এখন তিনজন আর্টিস্ট নিয়ে পাঁচ দিন পুবাইলে শুটিং করল, এরপর বাকি সবকিছু দেশের বাইরের শিল্পী ও কলাকুশলী নিয়ে করে ফেলছে, এটা তো হতে পারে না। যৌথ প্রযোজনার নামে এখন যেসব সিনেমা হচ্ছে, সেসবে কি আমাদের দেশের প্রতিষ্ঠিত কোনো নির্মাতার নাম দেখেছেন? ছবির নামের পাশে পরিচালক হিসেবে দেখা যাচ্ছে প্রযোজকের নাম, না হলে প্রোডাকশন ম্যানেজারের নাম! সরকার তো আমাদের মঙ্গলের জন্য এই নিয়ম করেছে। সেই নিয়ম যদি আমাদেরই ক্ষতির কারণ হয়, তাহলে তা তো সরকারি কর্মকর্তাদের জানাতে হবে। কিন্তু আমাদের যেসব সংগঠন আছে, সেসবের নেতারাই এই যৌথ প্রযোজনার সঙ্গে জড়িয়ে গেছেন।
এখনকার সিনেমা নিয়ে কি স্বপ্ন দেখেন?
আমার দুঃখ লাগে, আমার সেই বয়স নেই, ক্ষমতা নেই এখন আবার নতুন করে যুদ্ধ করার। একজন যোদ্ধা লাগবে, যিনি সিনেমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন।
সাক্ষাৎকার: মনজুর কাদের