'আমার তো বিশ্বাসই হচ্ছে না!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপর্ণা ঘোষ কাজ করছেন টিভি নাটক আর চলচ্চিত্রে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে (আইএফএফআই) বাংলাদেশ থেকে চারটি ছবি অংশ নিচ্ছে। এর মধ্যে তিনটি ছবির নায়িকাই অপর্ণা ঘোষ। গতকাল রোববার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে। ২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হচ্ছে এই উত্সব। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
অপর্ণা ঘোষ
অপর্ণা ঘোষ

অপর্ণা, আপনার অভিনীত তিনটি ছবি ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিচ্ছে।
তাই! দারুণ খবর! আমার তো বিশ্বাসই হচ্ছে না।
আপনি এই মাত্র জানতে পারলেন?
হ্যাঁ, আমাকে কেউ বলেনি। আর এটাও ঠিক, আমি এখন ঢাকার বাইরে।
কোথায় আছেন?
কক্সবাজারে। কোনো শুটিং না, বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছি। দু-এক দিনের মধ্যেই ঢাকায় ফিরব। আচ্ছা, আমার কোন ছবিগুলো যাচ্ছে?
গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ আর প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’। উত্সবে বাংলাদেশ থেকে নির্বাচিত অন্য ছবিটি হলো অধ্যাপক অরূপ রতন চৌধুরী পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’। তথ্য মন্ত্রণালয় চূড়ান্ত করেছে ছবিগুলো। সামনেই দুর্গাপূজা। মা–বাবার কাছে যাবেন?
হ্যাঁ, কক্সবাজার থেকে ঢাকায় ফিরব। দুই দিনের কাজ আছে। গোলাম সোহরাব দোদুলের ধারাবাহিক নাটক পাল্টা হাওয়ার শুটিং করব। চট্টগ্রামে মা–বাবার কাছে যাব ১৯ অক্টোবর।
পূজার সময়টা কেমন উপভোগ করেন?
দারুণ। পাড়াতেই থাকি। দূরে কোথাও যাওয়া হয় না। আমাদের দক্ষিণ নালা পাড়ার পূজা অনেক পুরোনো। এখানে খুব আনন্দ হয়।
পূজার জন্য কী কেনাকাটা করেছেন?
নিজের জন্য কিছু কেনা হয়নি। কারণ এত উপহার পাই, নিজে কিছু কিনতে চাই না। মা–বাবা আর অন্যদের জন্য তো ঈদের সময়ই কিনেছি।
নতুন কোনো ছবিতে কাজ করবেন?
কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনমাঝি ছবিতে অভিনয় করব। ছবিটি পরিচালনা করবেন ফাখরুল আরেফিন। এ ছাড়া আরেকটি ছবির ব্যাপারে কথা হচ্ছে। চূড়ান্ত হলে জানাব।
আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। পাঠকদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

সাক্ষাৎকার: মেহেদী মাসুদ