'আমার মতো করে চেষ্টা করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নোলক বাবু
নোলক বাবু
২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আয়োজনে চ্যাম্পিয়ন হন নোলক বাবু। ব্যস্ত ছিলেন গান নিয়েই। মাঝে গণমাধ্যমে নানা ধরনের সংবাদ ছড়ায় তাঁকে নিয়ে। অনেক দিন পর আজ শুক্রবার রাত ১০টায় তিনি গান গাইবেন বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে।

এত দিন কোথায় ছিলেন?

আমি ১১ মাস লন্ডনে ছিলাম। সেখানে দুটি অ্যালবামের কাজ করেছি। পাশাপাশি প্রায় ৪০টি কনসার্টে গান গেয়েছি। দেশে এসেও ব্যস্ত আছি কনসার্ট নিয়ে। 

আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের কথা শোনা যায়। 

বুঝেছি, আপনি কিসের কথা বলেছেন। ব্যাপারটি একেবারেই গুজব। গাড়ি দুর্ঘটনা নিয়ে যে ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেখানে আমি ছিলামই না। গাড়িটি আমার এক খালাতো ভাই চালাচ্ছিলেন। গণমাধ্যমে ভুলভাবে এসেছে। সবার দোয়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেশ ভালো আছি।

কিন্তু আপনার কি মনে হয় না আপনার সমসাময়িক অনেক শিল্পীর চেয়ে আপনি পিছিয়ে আছেন?

আমি আমার গতিতে এগিয়ে যাচ্ছি। এটা ঠিক, অনেকেই মিডিয়াতে বেশি ফোকাসড। বিশেষ করে আমাদের প্রতিযোগিতা থেকে বেরিয়ে রিংকু ভাই অনেক ভালো কাজ করছেন। আমি আমার মতো করে চেষ্টা করছি। নতুন গান ও মিউজিক ভিডিও করেছি।

গানের অনুশীলন করেন নিয়মিত?

কনসার্ট ও টেলিভিশনে গান গাওয়ার আগে অনুশীলন করি। এ ছাড়া প্রতিদিন সকালে রেয়াজ করি। যেমন কালকের (আজ) অনুষ্ঠানটির জন্য দুপুরের পর থেকেই প্র্যাকটিসে ঢুকব। সন্ধ্যা অবধি চলবে। তারপরই গান গাইব।

এ অনুষ্ঠানে কী ধরনের গান গাইবেন?

আমি তো লোকসংগীত বেশি করি। সে রকম কিছু গান করব। পাশাপাশি আমার অ্যালবামের গানও গাইব।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক