'আমার স্টাইলের গান গেয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেবী নাজনীন
বেবী নাজনীন

বেবী নাজনীন। সংগীতশিল্পী। তিন বছর পর বেরিয়েছে তাঁর একক গানের অ্যালবাম। নাম দ্য ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন। প্রকাশ করেছে সংগীতা। কথা হলো তাঁর সঙ্গে
‘দ্য ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন’...
এটি আমার ৫০তম একক অ্যালবাম। তিন বছর পর অ্যালবামটি প্রকাশিত হলো। শিল্পী হিসেবে ৫০তম অ্যালবাম প্রকাশের বিষয়টি আমার জন্য অনেক বেশি আনন্দের। এই অ্যালবামে আমি আমার স্টাইলের গান গেয়েছি।
তিন বছর বিরতির কারণ...
মাঝে অনেকবারই অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করি। নানা কারণে সম্ভব হয়নি। তা ছাড়া স্টেজ শোর ব্যস্ততাও বড় একটা কারণ। গত দুই বছর টানা ইউরোপ-আমেরিকায় অনেকগুলো স্টেজ শোতে গান করেছি।
নতুন অ্যালবামের বিশেষত্ব...
আমার কাছে প্রতিটি অ্যালবাম প্রথম অ্যালবাম মনে হয়। কাজ করার সময় এ বিষয়টি মাথায় রাখি। তা ছাড়া আমার অ্যালবামে বরাবরই সময়ের গুণী ও সেরা গীতিকার-সুরকার-সংগীত পরিচালকেরা কাজ করেন। এবারের অ্যালবামে এই প্রজন্মের প্রতিভাবান তরুণেরা কাজ করেছেন।
নতুন প্রজন্ম...
আমিও একসময় নতুন ছিলাম। সিনিয়ররা আমাকে চমৎকার কিছু সুযোগ করে দিয়েছিলেন। এখন যেহেতু আমি সিনিয়র, তাই আমার উচিত জুনিয়রদের জন্য কিছু করা। তা ছাড়া নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আছেন। তাঁদের দরকার শুধু একটু পৃষ্ঠপোষকতা। তা করলেই সংগীতাঙ্গনে এই প্রতিভাবান তরুণেরাই নিজেদের প্রতিভাকে আরও বড় পরিসরে বিকশিত করতে পারবে। দায়িত্ববোধ থেকে আমার অ্যালবামে এ প্রজন্মের কয়েকজনকে সুযোগ দিয়েছি।
গানের পাশাপাশি আর যা করছি...
অবসরে লেখালেখির চর্চা করি। দেশের বাইরে যখন গান গাইতে যাই, তখন অবসর পাওয়া যায় বেশি। ওই সময়টাতে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি। এরই মধ্যে আমার তিনটা বইও বেরিয়েছে। সামনে লেখালেখি আরও নিয়মিত করতে চাই। এ ছাড়া আমি কিন্তু ছবিও আঁকতাম।
দেশের বাইরে গান নিয়ে বেশি ব্যস্ত...
এটা ঠিক যে দেশের বাইরে আমি প্রচুর স্টেজ শো করি। পাঁচটি মহাদেশের অনেকগুলো দেশে আমি গান গেয়েছি। প্রবাসী বাঙালিদের আয়োজনে গান গাইতে কিন্তু বেশ ভালো লাগে।