'আমি অতুলপ্রসাদ সেনের গান করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুভা নাহিদ চৌধুরী
লুভা নাহিদ চৌধুরী

লুভা নাহিদ চৌধুরী বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক। সংগীতশিল্পী।অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান করেন।ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে অনুষ্ঠান ‘মরমে বাজে’।এই অনুষ্ঠানে গান করবেন তিনি।কথা হলো তাঁর সঙ্গে।
অনুষ্ঠানের নাম ‘মরমে বাজে’ কেন?
গত বুধবার ছিল বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এটা একটা বড় উপলক্ষ। আর সম্প্রতি আমরা বিশিষ্ট চিত্রশিল্পী এবং বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরীকে হারিয়েছি। তাঁকেও মনে করব। এসব ভেবেই অনুষ্ঠানের নাম দিয়েছি ‘মরমে বাজে’।
আজকের অনুষ্ঠানটি কীভাবে সাজানো হয়েছে?
রবীন্দ্রপ্রয়াণ দিবস আর বর্ষামঙ্গল—এই দুটো ব্যাপারই থাকছে অনুষ্ঠানের ভাবনায়। শুরুতে আমি গান করব আর শেষে গান করবেন অদিতি মহসিন। আমি অতুলপ্রসাদ সেনের গান করব আর অদিতি রবীন্দ্রনাথ ঠাকুরের গান করবেন। মাঝে কবিতা পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর পছন্দের কিছু কবিতা পাঠ করবেন।
অনুষ্ঠানটি কতক্ষণ হবে?
অনুষ্ঠানের সময় খুব বাড়াতে চাইনি। আমি আটটি গান করব, অদিতিও আটটি গান করবেন। কবিতার সংখ্যাও খুব বেশি হবে না।
বেঙ্গল ফাউন্ডেশন তো নিয়মিত অ্যালবাম প্রকাশ করছে। সামনে নতুন কী করছেন?
অদিতি মহসিনের একটা অ্যালবাম তৈরি করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গান গেয়েছেন তিনি। আমি তো বলব অদিতি এখন এ দেশের রবীন্দ্রসংগীতের অন্যতম প্রধান শিল্পী। তিনি গান নিয়ে রীতিমতো পড়াশোনা করেন, যথেষ্ট অনুশীলন করেন। এটা তাঁর গান শুনলে স্পষ্টই বোঝা যায়। তাঁর অ্যালবামটি শিগগিরই আমরা প্রকাশ করব।
বিনোদন প্রতিবেদক