'আমি কিন্তু শ্রোতাদের জন্যই গান করি'
>

২০১১ সালে প্রকাশিত ‘পাগল তোর জন্য রে’ গানটির কারণে আলোচিত বেলাল খান। তাঁর সুর ও সংগীতে গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। এই গানে কণ্ঠ দিয়ে মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা গায়িকার পুরস্কার জিতে নেন তিনি। এরপর পেরিয়ে গেছে তিন বছর। এই সময়টাতে ১৫টি মিশ্র অ্যালবামে বেলাল খানের সুর ও সংগীতে প্রকাশিত গানে কণ্ঠ দিয়েছেন নবীন-প্রবীণ শিল্পীদের অনেকে। প্রকাশিত হয়েছে তাঁর দুটি একক গানের অ্যালবামও। চলচ্চিত্রের গানেরও সংগীত পরিচালনা করেছেন বেলাল। নতুন প্রজন্মের জনপ্রিয় এই শিল্পী মাছরাঙা টেলিভিশনে নিয়মিত গানের অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’-এ আজ গাইবেন। সরাসরি গানের এই অনুষ্ঠানসহ বিভিন্ন প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের।
ইচ্ছে গানের দুপুর অনুষ্ঠানে কী কী গান গাইবেন...
‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে মোট ১৩টি গান গাওয়ার পরিকল্পনা করেছি। রোজার ঈদে প্রকাশিত হয়েছে আমার দ্বিতীয় একক গানের অ্যালবাম ‘আর একটিবার’ থেকে পাঁচটি গান গাইব। বাকি আটটি গান আমার প্রথম অ্যালবাম ‘আলাপন’, বিভিন্ন মিশ্র অ্যালবাম ও চলচ্চিত্রের গান থেকে গাইব। সরাসরি গানের অনুষ্ঠান যেহেতু, দর্শকদের অনুরোধ তো থাকবেই।

সরাসরি গানের অনুষ্ঠানে গাইতে কেমন লাগে?
আমি খুবই উপভোগ করি। তবে এটাও ঠিক যে সরাসরি গানের অনুষ্ঠানে একরকম চ্যালেঞ্জ থাকে। সাউন্ড ব্যালেন্স ঠিকভাবে না করা গেলে দায়টা পুরোপুরি শিল্পীর ওপর চলে আসে। তাই সব মিলিয়ে অনেক সতর্ক থাকতে হয়। তবে আনন্দটা বেশি। কারণ, দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। গান সম্পর্কে তাঁদের তাৎক্ষণিক মতামত পাওয়া।
আপনার ‘নিশি করি ভোর’ গানের ভিডিও নিয়ে সমালোচনা হয়েছে...
সবকিছুতে এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গানের ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। ভিডিওর ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেই ভাবনা থেকে ‘নিশি করি ভোর’ গানটির ভিডিও নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। এটাও ঠিক যে গানটি নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে, ঠিক উল্টো অনেকে প্রশংসাও করেছে। দিন শেষে আমি কিন্তু শ্রোতাদের জন্যই গান করি। তাই দর্শক শ্রোতাদের ইতিবাচক মন্তব্যকে গ্রহণ করে ও নেতিবাচক মন্তব্যকে বাদ দিয়ে সেভাবেই পথ চলার চেষ্টা করব।
শুনলাম আপনার আর একটিবার অ্যালবামটি নাকি কলকাতা থেকে প্রকাশিত হবে?
ঠিকই শুনেছেন। ঈদুল আজহার পরই অ্যালবামটি কলকাতা থেকে প্রকাশিত হবে। কথাবার্তা অনেক দূর এগিয়েছে। পুরো ব্যাপারটি আমার জন্য অনেক আনন্দের।
নতুন কী কাজ করছেন?
এত দিন বিভিন্ন চলচ্চিত্রে একটি বা দুটি গানের সংগীত পরিচালনা করেছি। তবে এবারই প্রথম কোনো চলচ্চিত্রের পূর্ণাঙ্গ সংগীত পরিচালনার কাজ করতে যাচ্ছি। ঈদের জন্য কয়েকটি মিশ্র গানের অ্যালবামের কাজ করছি। এ ছাড়াও আর একটিবার অ্যালবামের ‘একটা বিকেল’ গানের ভিডিওর কাজ শুরু করব।