'আমি গর্বিত, অনুপ্রাণিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আরমীন মূসা l ছবি: রেজাউল হক
আরমীন মূসা l ছবি: রেজাউল হক
বাংলাদেশের মেয়ে আরমীন মূসার গাওয়া ‘রাতের মাঝার’ গানটি এখন সবার মুখে মুখে। এই গান ব্যবহার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ছবি ঈগলের চোখ-এ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘শবর’ সিরিজের দ্বিতীয় ছবি এটি। এতে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। গত বৃহস্পতিবার আরমীন অংশ নিলেন এই ছবির উদ্বোধনী প্রদর্শনীতে। সেসব অভিজ্ঞতা নিয়ে কথা বললেন আরমীন।

‘ঈগলের চোখ’-এর সঙ্গে কীভাবে যুক্ত হলেন?

অরিন্দম শীলের (ঈগলের চোখ-এর নির্মাতা) মেয়ের সঙ্গে বেশ কয়েক বছর আগেই আমার অনলাইনে বন্ধুত্ব হয়। আমার গান ব্যবহার করে সে একটি ভিডিও বানিয়েছিল; পরিচয়টা তখন থেকেই। পরে আমি কলকাতা ঘুরতে গেলে তার সঙ্গে দেখা হয়, আলাপ হয়। এভাবেই ঈগলের চোখ-এর সঙ্গে যুক্ত হওয়া।

ঈগলের চোখ–এর উদ্বোধনী প্রদর্শনীতে জয়া ও আরমীন
ঈগলের চোখ–এর উদ্বোধনী প্রদর্শনীতে জয়া ও আরমীন

‘রাতের মাঝার’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
আমাকে তো মুখের ওপর কেউ খারাপ বলেনি (হাসি)।
ছবির উদ্বোধনী প্রদর্শনীর অভিজ্ঞতা কেমন?
এক কথায় দারুণ। জয়া আহসান ছিলেন। সেই সঙ্গে দেশের অনেক চেনা মানুষেরও দেখা পেয়েছি সেখানে।
জয়া আহসান কেমন অভিনয় করলেন ‘ঈগলের চোখ’-এ?
অভিনয় কেমন করেছেন, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু সবার মাঝে তাঁর উষ্ণ উপস্থিতি দেখে আমি প্রতিবারই মুগ্ধ হই। সেটা কলকাতায়ও অনুভব করেছি। দেশে ও বিদেশে তাঁর সাফল্য দেখে আমি গর্বিত, অনুপ্রাণিত।
কলকাতায় নতুন কোনো কাজ করছেন?
আমি দুই মাস ধরে ভারতে একটি ব্যান্ডের সঙ্গে শো ও অ্যালবাম করছি। বাম্পি মৈনাক নাগ চৌধুরীর ব্যান্ড ‘এক বাঙালির উপাখ্যান’। অ্যালবামটি এ বছর বের হবে। এই ব্যান্ডে কলকাতার জনপ্রিয় গিটারিস্ট বোধিসত্ত্ব ঘোষ আছেন ও রাতুল শঙ্কর (মমতা শঙ্করের ছেলে) পারকাশনস বাজাচ্ছেন। খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট।
দেশে কোনো নতুন কাজ?
দুই মাস পর দেশে আসছি আমার নতুন অ্যালবামের কাজ শেষ করতে। এবার একটি খুব ভালোবাসার প্রজেক্ট হাতে নিয়েছি। ছোটবেলায় শেখা যে গানগুলো দিয়ে আমার কান ও গলা তৈরি, সেই গানগুলো গাইতে ও নতুনভাবে সংগীতায়োজন করতে চেষ্টা করেছি। মায়ের (নাশিদ কামাল) কাছে আমার জীবনের প্রথম যে গানটি শেখা, সেটা ছিল একটি নজরুলসংগীত। আব্বাসউদ্দীনের গান প্রথম নানুর (মুস্তাফা জামান আব্বাসী) কাছে শিখেছি। আমার গুরু সুজিত মুস্তাফার কাছে শিখেছি প্রথম সেমিক্ল্যাসিক্যাল গান—এগুলো নিয়েই কাজ করছি নতুন অ্যালবামে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক