'আমি বলব, এটা তাঁর অন্যতম সেরা কাজ হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান
বড় পর্দার তারকা জয়া আহসান এখন কলকাতায় দারুণ ব্যস্ত। পূজা উপলক্ষে চলচ্চিত্রের অনেকেরই ছুটি শুরু হয়ে গেছে। কিন্তু জয়ার এতটুকু ফুরসত নেই। এর মাঝেই কাউকে কিছু না জানিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে বের হয়েই কথা বললেন প্রথম আলোর সঙ্গে। আজ খাঁচা ছবিটি মুক্তি পাবে, তিনি অভিনয় করেছেন এই ছবিতে।


হঠাৎ ঢাকায়? কোনো জরুরি কাজ?

মার সঙ্গে দুটো দিন থাকব। কত দিন মায়ের হাতের রান্না করা খাবার খাওয়া হয় না। পরশু (কাল) শনিবার চলে যাব।

এখন পূজার সময় তো তারকারা কলকাতায় খুব ব্যস্ত থাকেন?

আমারও একই অবস্থা। এই তো সেদিন মুর্শিদাবাদে ফিতা কেটে বিশ্বকর্মার পূজা উদ্বোধন করেছি। আমাকে এবার কলকাতার অনেক পুরোনো নাকতলা উদয়ন সংঘের পূজার শুভেচ্ছাদূত করা হয়েছে। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি এর উদ্বোধন করেছি। সংবাদ প্রতিদিন ‘কলকাতার সেরা পূজা মণ্ডপ’ প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি এই আয়োজনের অন্যতম বিচারক।

অনেক দিন পর এদেশে আজ আপনার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে...

হ্যাঁ, ছবির নাম খাঁচা। সরকারি অনুদানের ছবি। পরিচালক আকরাম খান। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং পরিচালক আকরাম খান দুজনে মিলে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ছবির শুটিং করেছি নড়াইলের লোহাগড়ার ইতনা, ঢাকার দোহার আর নাটোরে।

জয়া আহসান ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জয়া আহসান ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘বিসর্জন’ ছবির পদ্মা দাস আর ‘খাঁচা’ ছবির সরোজিনী—দুটি চরিত্রেই আপনি অভিনয় করেছেন...

দুটি চরিত্রই খুব শক্তিশালী। যথেষ্ট গভীরতা আছে।

আপনার অভিনীত ‘রাজকাহিনী’ আর ‘খাঁচা’, দুটি ছবির গল্প দেশভাগ নিয়ে? দুটো ছবির গল্পে পার্থক্য কী?

রাজকাহিনী হলো একটি বইয়ের পাতায় পাতায় যে ছাপা হওয়া লাইনগুলো থাকে, তা। আর খাঁচা হলো, এসব লাইনের ফাঁকে কিংবা আশপাশে যে সাদা অংশগুলো থাকে, সেগুলো। মানে না-বলা অনেক কথা। হাসান আজিজুল হক যেভাবে দেখেছেন, তাঁর মতো করে দেশভাগের এই বিষয়গুলো হয়তো আর কেউ দেখেননি।

আকরাম খানের এই কাজটি কেমন লেগেছে?

ছবির শুটিং শুরু হওয়ার মাত্র সাত দিন আগে আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। প্রস্তুতি নেওয়ার জন্য হাতে তেমন সময়ও ছিল না। কিন্তু সাহস করে দাঁড়িয়ে গেছি। এখানে আমাকে ২৫ থেকে ৭০ বছর পর্যন্ত একই নারীর বিভিন্ন ধাপ ফুটিয়ে তুলতে হয়েছে। যথেষ্ট চ্যালেঞ্জ ছিল। ডাবিংয়ের সময় বুঝেছি, আকরাম খান খুব ভালো একটি কাজ করেছেন। আমি বলব, এটা তাঁর অন্যতম সেরা কাজ হবে।

আর সবার অভিনয় কেমন লেগেছে?

ওরে বাবা! আজাদ আবুল কালাম কিংবা মামুনুর রশীদের অভিনয় অসাধারণ। তাঁরা যখন গেটআপ নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছেন, মনে হয়েছে যেন বাস্তবের সেই চরিত্র।

সাক্ষাৎকার: মেহেদী মাসুদ