'আমি মানুষটাই বিতর্কিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গতকাল সকাল থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না স্পর্শিয়াকে। দুপুরের পর তাঁর স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে কথা বললে জানা যায়, বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি। পাবনায় সিনেমার শুটিং শেষ করে ভোরবেলায় ঢাকায় এসেছেন। সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে, বললেন তাঁর সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে। নারী দিবস উপলক্ষে আজ ঢাকার হাতিরঝিলে আয়োজিত ‘উইমেন্স ম্যারাথন ২০১৭’-তে তিনি অংশ নিচ্ছেন।
স্পর্শিয়া
স্পর্শিয়া

‘বন্ধন’ সিনেমারই কাজ করছেন?
আরে নাহ্। এটি নতুন সিনেমা। ১০ দিনের মতো শুটিং করলাম।
পরপর দুটি সিনেমার কাজ করলেন?
এপ্রিলে আরেকটার শুটিং শুরু করব। সিনেমায় এ বছর আমার। সামনের বছরটাও আমার। এত দিন সিনেমার জন্য নিজেকে তৈরি করেছি। এখন শুধু কাজ করার পালা।
ছোট পর্দায় কাজ কমিয়ে দেবেন?
আমি আসলে ঠিকঠাক অভিনয়টা করতে চাই। এখন যেসব নাটক হয়, এসব করতে গিয়ে আমি বিরক্ত ও ক্লান্ত। গল্পের ঠিক নাই, পরিচালকেরাও মনোযোগ দিয়ে নাটক বানাচ্ছেন না। বাজেটও কম থাকে। দেখা যায়, দিনে ১০টা দৃশ্যে অভিনয় করলে দুটোতে ভালোমতো সংলাপ দিতে পারলেই পরিচালক খুশি।
বড় পর্দা কি সেই অতৃপ্তি ঘোচাবে?
আমি চরিত্র বুঝে নিয়ে মন দিয়ে কাজটা করে যাচ্ছি। আমি চাইছি, আমার কাজ বড় পরিসরে এবং আরও বেশি মানুষ দেখুক।
অনেকেই বলছে, চলচ্চিত্রও এখন সেভাবে কেউ দেখছে না...
ভালো সিনেমা না বানালে লোকে দেখবে কেন? তবে আমি অত হিসাব করছি না। আমি গল্প এবং ছবির থিম যা পেয়েছি, তাতে মনে হয়েছে এসব সিনেমা লোকে দেখবেই। আমার সিনেমায় যেসব গল্প পাচ্ছি, তাতে আমি খুবই খুশি।
‘উইমেন্স ম্যারাথন ২০১৭’-তে আপনি অংশ নিচ্ছেন?
প্রথমত মেয়েদের জন্য একটা ম্যারাথন হচ্ছে। আর এর উদ্দেশ্য হচ্ছে রাস্তায় নারীদের নিরাপদে চলাফেরা। একজন নারী রাস্তায় স্বাধীনভাবে হাঁটবেন, ঘুরবেন, কেউ চলার পথে বিরক্ত করবে না—ভাবনাটা ভালো লাগছে। যাঁরা ম্যারাথন দৌড়ে অংশ নেবেন, তাঁদের অনুপ্রাণিত করা হবে।
জীবনের দৌড় কেমন চলছে?
আমি জীবনে কোনো দিন দৌড়াইনি। আমার স্বভাবেও নেই। সব সময় আস্তে আস্তে হাঁটছি। কচ্ছপের মতো। দৌড়ানোকে আমার বোকামি মনে হয়। আস্তে আস্তে হাঁটলে অনেক দূর যাওয়া যায় বলেও মনে করি।
ইদানীং আপনাকে অনলাইনের জন্য বেশি কাজ করতে দেখা যায়?
কারণ, এখন অনলাইন বেশি জনপ্রিয়। টেলিভিশনে নাটক এখন আর ওভাবে কেউ দেখছেন না। পাবনায় যে শুটিং করতে গেলাম, সেখানেও দেখলাম মানুষ মোবাইলে নাটক দেখছেন, গান শুনছেন। অনলাইন মিডিয়ায় কাজ করতে আমার ভালো লাগছে, কারণ আমি খুব দ্রুত কাজের ফিডব্যাক পাচ্ছি।
ইউটিউবে আপনার কিছু কনটেন্টকে অনেকে বিতর্কিত মনে করছেন।
আমি মানুষটাই বিতর্কিত। আমাকে নিয়ে প্রচুর বিতর্ক হয়। যত বেশি বিতর্ক হয়, তত আত্মবিশ্বাস পাই। আমার মনে হয়, মানুষ আমাকে নিয়ে কথা বলছে, জোশ্ তো।
সাক্ষাৎকার: মনজুর কাদের