>

আজ থেকে বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে মামুনুর রশীদের পরিচালনায় আলতুর সাইকেল যাত্রা ধারাবাহিকটি। শিশুর টিকাদান কর্মসূচি সম্পর্কে আরও সচেতন করতেই নির্মিত হয়েছে নাটকটি। এখানে আলতু চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। অভিনয়সহ নানান বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।
‘আলতুর সাইকেল যাত্রা’য় নাম–ভূমিকায় থাকছেন আপনি। কেমন হয়েছে কাজটা?
অনেক ভালো। টানা ১০ দিন শুটিং করেছি। এর আগেও নাম–ভূমিকায় বিভিন্ন নাটকে কাজ করেছি, তবে এই কাজটা আলাদা। মামুনুর রশীদ অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। ধারাবাহিকটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সম্পর্কে অধিকতর সচেতন করার জন্য নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফ সহযোগিতা করেছে।
আপনার নামের সঙ্গেই ‘সাইকেল যাত্রা’ জড়িত, নিশ্চয় অনেক সাইকেল চালাতে হয়েছে?
আমি শুটিং স্পটে গিয়ে সাইকেলে উঠেছি। আর শুটিং শেষ করে সাইকেল থেকে নেমেছি। শুটিংয়ে সব সময় আমার সঙ্গী ছিল সাইকেল। এর আগে এতটা সময় সাইকেল কখনো চালিয়েছি বলে মনে পড়ে না।
তা হলে আপনি গতানুগতিক যে ধরনের চরিত্রে অভিনয় করেন, এটা কি তা থেকে আলাদা?
দর্শক মূলত আমাকে হাস্যরসাত্মক চরিত্রে বেশি দেখেন। তাই বলে যে সিরিয়াস চরিত্রে অভিনয় করা হয় না, তা কিন্তু নয়। ‘আলতু’ একদম সিরিয়াস একটি চরিত্র। মানুষকে সচেতন করা এবং মানুষের উপকার করা তার কাজ। অভিনয়ের শুরুতেই পরিচালক বলে দিয়েছিলেন, কোনো ধরনের কমেডি করা যাবে না। সেটা অক্ষুণ্ন রেখেছি।
কোন ধরনের চরিত্র সহজ, হাস্যরসাত্মক নাকি সিরিয়াস?
অবশ্যই হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করা কঠিন। কারণ, মানুষকে হাসানো খুব কঠিন কাজ। এ ধরনের চরিত্রে পুরো শরীর যুক্ত করতে হয়, যা সিরিয়াস চরিত্রে অত বেশি লাগে না। তবে যে চরিত্রই করি না কেন, সবার আগে চরিত্রে ঢুকে যেতে হয়। এটা ছাড়া কোনো চরিত্রই ফুটিয়ে তোলা সম্ভব নয়।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক