সম্প্রতি ইউটিউবে ‘উৎসবের বাংলাদেশ’ নামে একটি গানের ভিডিওতে এক ঝলক দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। গানটি বেশ সাড়া ফেলেছে। এর কথা, সুর, কণ্ঠ এবং ভিডিওর কাহিনি ও পরিকল্পনা করেছেন নবীন গায়িকা বুশরা শাহরিয়ার। আগেও ‘ভালোবাসার বাংলাদেশ’ নামে উৎসবমুখর একটি গান করেছিলেন তিনি। গতকাল রোববার বিকেলে ভারতের দিল্লি থেকে বাংলাদেশর এই শিল্পী মুঠোফোনে জানালেন গানগুলো নিয়ে

উৎসবমুখর এ গানগুলোর কোনো বিশেষ উদ্দেশ্য আছে?
হ্যাঁ। দেশে কোনো নেতিবাচক ঘটনা ঘটলে সবাই একযোগে ফেসবুকে লেখেন। কিন্তু ইতিবাচক কিছু নিয়ে কম লেখেন। অথচ দেশে ইতিবাচক ঘটনাই বেশি ঘটে। সেই অনুভূতি থেকেই আমি এ গানগুলো করেছি। বিশ্ববাসীকে একটি ইতিবাচক, বর্ণিল, উৎসবের বাংলাদেশকে দেখাতে চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশ সিরিজের পরের গান ‘খেলাধুলার বাংলাদেশ’।
ভিডিওতে একজন বিদেশি ছিলেন, দারুণ নেচেছেন। তিনি কে? কোথায় পেলেন তাঁকে?
দিয়ান, ইউএনডিপিতে কাজ করেন। বিদেশি মডেল চেয়ে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম। সেখান থেকেই তাঁকে পেয়েছি। আমাদের উৎসবে লুঙ্গি পরা একজন বিদেশির উপস্থিতি আমাদের ঐতিহ্যকে আরও পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে পারে। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে তুলে ধরাও বিদেশি মডেল নেওয়ার অন্যতম কারণ। দিয়ানের দেশের লোকেরা (সার্বিয়া) বাংলাদেশকে চিনেছে হোলি আর্টিজান দিয়ে। তাঁরও ইচ্ছা ছিল, নিজের বন্ধুদের দেখাবেন যে বাংলাদেশ কত বর্ণিল।
ভিডিওতে আপনিও ভালো নেচেছেন। কিন্তু কোন সেক্টরে কাজ করতে চান, গান না স্থাপত্যে?
স্থাপত্য ও সংগীত দুটোই সৃজনশীল কাজ। স্থপতি হয়েই সংগীতাঙ্গনে কাজ করতে চাই। শখ করে যখন গান শুরু করি, তখন মা-বাবা প্রশংসা করতেন। চেয়েছিলাম ড্রয়িং রুম থেকে বন্ধুবান্ধব, দেশ-বিদেশের মানুষের কাছে গানগুলো ছড়িয়ে যাক।
মিউজিক ভিডিওতে দেশের সুন্দর সব জায়গা দেখিয়েছেন। বেশ ঘোরাঘুরিও হয়েছে নিশ্চয়ই?
হ্যাঁ। মুন্সিগঞ্জ, কালিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, এফডিসিসহ অনেক জায়গায় শুটিং করেছি। চা-বাগানে শুটিং করতে গিয়ে গরমে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে নিতে হয়েছিল। জ্ঞান ফিরতেই নাকি বলেছিলাম, আমার ড্রোন শুট বাকি, হা হা হা।
মাশরাফিকে পেলেন কীভাবে?
খুব ঝামেলা হয়েছিল। শুটিংয়ের সময় মাশরাফি ভাইয়া আইসিসি ট্রফি খেলতে বাইরে চলে গিয়েছিলেন। আমরা ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখি। কপাল ভালো যে ভাইয়া এর মধ্যে অল্প সময়ের জন্য দেশে আসেন। আমি ফোনে যোগাযোগ করে কাহিনিটা বললে তিনি রাজি হয়ে যান। শুটিংয়ের দিন তিনি রোজা ছিলেন, মুড অফ ছিল। শুটিং শুরু হতেই তিনি যেন চাঙা হয়ে উঠলেন।
ভারতের অনুপম রায় ও অরিন্দম চ্যাটার্জির সঙ্গে গান করতে কেমন লেগেছে?
অনুপম দা খুব আন্তরিক ও পারফেকশনিস্ট। আর অরিন্দম দা দাবি করেন, আমি তাঁর ছোট বোন। ভীষণ আদর করেন আমাকে। তাঁর সঙ্গে গানের রেকর্ডিং শেষ। ভিডিওর শুটিং করতে চাই রাজস্থানে। সেটি ঈদুল আজহায় প্রকাশ করার ইচ্ছে।
দিল্লিতে কী করছেন?
বৃত্তি নিয়ে উত্তরাখন্ডের রোরকি আইআইটিতে পড়তে এসেছি। এখানে পড়লে নিয়মিত গান করা যাবে বলে ইউরোপে আবেদন করিনি। পড়া শেষে ২০১৯ সালে দেশে ফিরব।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ
আলাপন