'একাত্তরের আবহে ছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপর্ণা ঘোষ
অপর্ণা ঘোষ

কুয়াশায় ঘেরা শীতে আসছে মেঘমল্লার। বর্ষা আর বৃষ্টির ছবি। তাহলে শীতে কেন? কারণ, গল্পটি একাত্তরের বর্ষার দিনগুলো নিয়ে। তাই বিজয়ের মাসেই যাত্রা করছে ছবিটি। আজ থেকে এ ছবি দেশব্যাপী মুক্তি পাচ্ছে। আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে তৈরি এ ছবি পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। ছবিতে অপর্ণা ঘোষকে দেখা গেছে ১৯৭১ সালের এক গৃহবধূর চরিত্রে। ছবিটি নিয়ে তিনি কথা বলেছেন আজ
শীতের দিনে ‘মেঘমল্লার’। কেমন লাগছে?
শুধু শীতের শুরুই নয়। এটি বিজয়ের মাসও। ছবিতে শুধু বর্ষার তিন দিনের চিত্র দেখানো হলেও গল্প তো আসলে মুক্তিযুদ্ধকে ঘিরেই। তাই ছবিটি মুক্তির জন্য বিজয়ের মাসের চেয়ে ভালো সময় আর হতে পারে না। দারুণ আনন্দ লাগছে, এমন সময় ছবিটি মুক্তি পাওয়ায়। পাশাপাশি এটি আমার জন্য গর্বেরও।
বাড়তি কোনো প্রস্তুতি নিয়েছিলেন শুটিং শুরুর আগে?
অঞ্জনদা পাণ্ডুলিপি এমনভাবে লিখেছেন যে প্রস্তুতিপর্ব আমার জন্য একেবারে সহজ হয়ে গিয়েছিল। আমি তাঁর পাণ্ডুলিপিকে বলব একটা ডায়েরি। তিনি পাণ্ডুলিপিকে ডায়েরির মতো করে লিখেছেন। এমনটা আমি আগে কখনো দেখিনি। তা ছাড়া শুটিংয়ের সময় প্রতিটি মুহূর্তই ঘেরা ছিল একাত্তরের আবহে। শুটিংয়ে বিরতিতেও আমরা মুক্তিযুদ্ধের গল্পই করতাম। একেকটা বিরতি ছিল একেকটা ওয়ার্কশপের মতো। তখন যেন একাত্তরটাই আমাদের কাছে বর্তমান হয়ে গিয়েছিল। পুরো সময়টাতেই একাত্তরের আবহে ছিলাম।

আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’-এ তো আসমা চরিত্র খুবই সংক্ষিপ্ত। চলচ্চিত্রেও কি তেমনটিই দেখা যাবে?
না। ‘রেইনকোট’-এ আসমা চরিত্রটি খুবই সংক্ষিপ্ত। কিন্তু গল্প আর চলচ্চিত্রের পার্থক্যটাই এখানে। পরিচালক অঞ্জনদা ও তাঁর স্ত্রী শাহীন আখতার দুজনই বেশ চিন্তাভাবনা করে চলচ্চিত্রে আসমা চরিত্রকে ভিন্নভাবে এঁকেছেন। গল্পের চেয়ে ছবিতে আসমার ব্যাপ্তি বেশি।
তাহলে ‘মেঘমল্লার’-এ ভিন্নতা রয়েছে অনেক দিক থেকেই?
অবশ্যই। শুধু চরিত্র আর চিত্রায়নের কথা বললেই হবে না। এর আবহসংগীত নিয়েও বলতে হবে। শুদ্ধ সংগীত বলতে যা বোঝায়, তার সঙ্গে দর্শকেরা পরিচিত হতে পারবেন এ ছবির মধ্য দিয়ে।
সাক্ষাৎকার: আদর রহমান