'এখনকার গানে অনেক শোরগোল'
>

অলকা ইয়াগনিক, ভারতীয় ছবির প্লেব্যাকের ইতিহাসে এক জনপ্রিয় সংগীত তারকা। ১৯৮৮ সালের ‘তেজাব’ ছবির গান থেকে শুরু করে ২০০৮ সালের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবি পর্যন্ত বলিউডে তাঁর উজ্জ্বল বিচরণ। মাঝে কয়েক বছর বিরতি নেওয়ার পর সম্প্রতি আবারও ফিরেছেন বলিউডের প্লে-ব্যাকে। ‘তামাশা’ ছবির জন্য কণ্ঠ দিয়েছেন তিনি। তামাশার সংগীতকার এ আর রাহমান। অল্পদিনে অলকার গাওয়া তামাশার গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শিল্পী তাঁর প্লেব্যাকে ফেরা এবং বলিউডের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন।
এ আর রাহমানের সঙ্গে অনেক দিন পর আবারও কাজ করলেন, কেমন লাগছে ...
হ্যাঁ, আমি অনেকটা সময় পর তাঁর জন্য গান গেয়েছি, এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানটির জন্য এ আর রাহমান আমার সঙ্গে বিদেশ থেকেই যোগাযোগ করেছিলেন। ইন্টারনেটে কথা হয়েছিল গানটি আমি কীভাবে গাইব তা নিয়ে। আমি তাঁর কাজ ভালোবাসি আর অনেক শিখেছি তাঁর কাছ থেকে। আসলে, তিনি কাজের ব্যাপারে অনেক স্বাধীনতা দেন, তিনি জানেন, কোন গানটি আমার কণ্ঠে ভালো মানাবে। গানটি শুনেই আমি এর প্রেমে পড়ে যাই।
আপনি এখন আর আগের মতো গাইছেন না, এর কারণ?
বর্তমান পরিস্থিতি আমি একদমই পছন্দ করি না, এখানে বেশির ভাগ গানেই সুর এবং প্রাণ নেই। এখনকার গানে অনেক শোরগোল, শোনার মতো খুব কম গানই আমি খুঁজে পাই। এ ছাড়া আমি রিমিক্স গান পছন্দ করি না। আমার সঙ্গে এসব গান যায় না, আমি তো সবকিছু গাইতে পারি না। তাই এই ব্যাপারে আমি খুঁতখুঁতে।

প্লে-ব্যাক শিল্পী হিসেবে এখন কী কী মিস করেন?
আমি তখনকার দিনের রেকর্ডিং মিস করি। সম্পূর্ণ গান একসঙ্গে, এক জায়গায় রেকর্ড করা হতো। কিন্তু এখন গানগুলোকে ক্ষুদ্র-ক্ষুদ্র করে জোড়াতালি দিয়ে মিলিয়ে করে রেকর্ড করা হয়, এখানে কোনো স্বাভাবিক গতি নেই।
প্রায় তিন দশক ধরে বলিউডে প্লে-ব্যাক করেছেন, কী কী পরিবর্তন চোখে পড়েছে?
বর্তমান পরিস্থিতি একদম ভিন্ন। ভালো পরিবর্তনের কথা বলতে গেলে প্রযুক্তিগত দিক দিয়ে আমরা এগিয়েছি কিন্তু প্রযুক্তিগত শব্দ যথেষ্ট ভালো না। আমরা যেমন উন্নতি করেছি তেমনি গানের প্রাণ হারিয়ে ফেলেছি। যদিও এখন অনেক ভালো সুরকার আছেন তারপরেও ‘এভারগ্রিন’ গান বের হচ্ছে না বললেই চলে। এখানে অনেক ভালো ভালো শিল্পী আছেন কিন্তু তাদের মধ্যে কে বেশি ভালো তা বলাটা তাদের ওপর অবিচার করা হবে।
এখন কি নিয়ে ব্যস্ত?
আপাতত যুক্তরাষ্ট্রে মাস ব্যাপী ট্যুর নিয়ে ব্যস্ত আছি। আমি লাজুক, ভিড় পছন্দ করতাম না। ‘রিয়ালিটি শো’র বিচারক হওয়া উপভোগ করি।
রিয়্যালিটি শো নিয়ে আপনার মন্তব্য ...
এখানে নতুনদের প্রতিভা প্রকাশের ভালো সুযোগ পাওয়া যায়। কিন্তু খারাপ দিক হচ্ছে, তাঁরা স্টেজে ওঠার পরপরই নিজেদের তারকা মনে করে। সত্যিকার রিয়্যালিটি শো সবাইকে খ্যাতি এনে দিতে পারে না। শিশুরা তাঁদের পড়ালেখা ছেড়ে এটা নিয়ে ব্যস্ত থাকে। আমার উপদেশ হলো, তাদের উচিত মিডিয়ার মরীচিকার পিছে না ছুটে নিজেদের শিকড় শক্ত করা। সুন্দর কাপড় পরে ভালো গান উপস্থাপন করাটাই সব নয়! টাইমস অব ইন্ডিয়া।