'এখনকার ছেলেমেয়েরা কয়েক দিন শিখেই চ্যানেলে ছোটে'

নজরুলসংগীত, হারানো দিনের গান ও মৌলিক গানের একগুচ্ছ অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানের এই শিক্ষক নিয়মিত গান করে যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে ‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে গান শোনাবেন শিল্পী নাসিমা শাহীন।
গান নিয়ে কিছু কথা হলো তাঁর সঙ্গে।
এই অনুষ্ঠানে তো আগেও গান করেছেন? কী কী গান শোনাবেন কাল?
‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে এই নিয়ে তৃতীয়বার। কাল প্রথমার্ধে বেশ কয়েকটি নজরুলসংগীত গাইব। পরে থাকবে দেশের ও ওপার বাংলার হারানো দিনের কিছু গান।
সর্বশেষ অ্যালবামটির যেন কবে বেরিয়েছিল? সামনে আর কোনো অ্যালবাম আসছে?
২০১৪ সালে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল ‘নিশি নিঝুম’ অ্যালবামটি। নজরুলসংগীত ও দেশের গানের একটি করে অ্যালবামের পরিকল্পনা চলছে।
নিজের অনুষ্ঠানগুলোর খবর ফেসবুক বন্ধুদের জানান না কেন?
এটা তো এখন নিয়ম হয়ে গেছে। কিন্তু এই শো অফ আমার ভালো লাগে না। ‘আমরা সূর্যমুখী’ খুব করে ধরেছিল, তাদের অনুষ্ঠানটির খবর যেন ফেসবুকে সবাইকে বলি।
আপনার শিক্ষার্থীদের কথা বলুন। কেমন করছেন তাঁরা?
খুব ভালো করছে। গানটা দীর্ঘদিন ধরে শেখার বিষয়। তারা বেশ মনোযোগ দিয়ে লেগে আছে। বলতে পারি হৃদিতা রুবাইয়াতের কথা, রাইসা ইসলামের কথা। বুয়েটে ও ব্র্যাকে পড়ছে দুজন। ভালো গায়, ভবিষ্যতে আরও ভালো করবে। এ ছাড়া কান্তি নূজহাত, সুরায়েক সাদি নামের দুই ছাত্র আছে, তারাও বেশ ভালো।
এখন কী শেখার জন্য দীর্ঘ সময় দেয় কেউ?
দিতে হবে। গানটা দীর্ঘদিন ধরে শিখতে ও শুনতে হবে। প্রচুর গান শুনতে হবে। দুদিন গান শিখেই পারফর্ম করতে ছুটলে হবে না। এখনকার ছেলেমেয়েরা কয়েক দিন গান শিখেই চ্যানেলে ছুটতে শুরু করে। প্রচার নয়, শেখায় গুরুত্ব দিতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। আমরা ছায়ানট থেকে সেটাই শিখেছি। আমার ছাত্রছাত্রীরা শেখার পেছনে যথেষ্ট সময় দেয়।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ