'এটা বিশাল একটা উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুনটুন বাউল, ছবি-কবির হোসেন
টুনটুন বাউল, ছবি-কবির হোসেন
আজ বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। দেশ-বিদেশের অন্য শিল্পীদের পাশাপাশি আজ গান গাইবেন টুনটুন বাউলও। উৎসব নিয়ে গতকাল সারা দিন দারুণ ব্যস্ততার মধ্যে কেটেছে তাঁর। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। বিকেল ঢাকার কাঁঠালবাগান এলাকায় টুনটুন বাউলের এক আত্মীয়ের বাসায় তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। জানালেন আজকের অনুষ্ঠান ও লোকগান নিয়ে তাঁর ভাবনার আর কথা

‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’-এ কোন গানগুলো গাইবার প্রস্তুতি নিয়েছেন?

অনুষ্ঠানের ডিজাইন যেভাবে করা হয়েছে তাতে কথা বলার কোনো সুযোগ পাব না। আমার জন্য সময় বরাদ্দ মাত্র ৩০ মিনিট। এই সময়ে চারটা গান গাইতে হবে। আমিও ঝড়ের বেগে চারটা গান গেয়ে চলে আসব। গানগুলো হচ্ছে ‘লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই’, ‘বল স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি’, ‘আপন মনে যার গরল মাখা থাকে’ ও ‘যে জন পদ্মহেম সরোবরে যায়’।
লোকগান নিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামের এমন আয়োজনকে আপনি কীভাবে দেখছেন?
এটা বিশাল এক উৎসব। এমন আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ। স্কয়ার কোম্পানির অঞ্জন চৌধুরী লোকগানের অনেক সমঝদার একজন শ্রোতা। লালনগীতিও এত পুঙ্খানুপুঙ্খ বোঝেন, নিজেও বোকা হয়ে গেছি। একবার তাঁদের একটা অনুষ্ঠানে আমরা ছয়জন বাউল টানা তিনিদিন গান করেছিলাম। সারা রাত গান শুনিয়েছি। তাঁরাও মন দিয়ে শুনেছেন। সত্যি কথা বলতে, সামনে বুঝদার মানুষ না থাকলে গান গেয়েও মজা নাই।
লোকগানের প্রসারে এমন আয়োজন কেমন ভূমিকা রাখতে পারে?
ঢাকায় এখন যেভাবে অনেক বেশি চর্চা হচ্ছে এটাতো বিশাল ইতিবাচক। কিন্তু লোক গান যেখান থেকে উঠে আসে সেই গ্রামে-গঞ্জে এখন আর লোকগানের শিল্পীরা সেভাবে কোনো চর্চা করার সুযোগ পায় না। আগে আমাদের দেশের গ্রাম-গঞ্জের ঘরে ঘরে কবি গান, ভাটিয়ালি গান, জারি-সারি গান এবং যাত্রাপালা হতো। গ্রামের পাঠাগারে নানান অনুষ্ঠান হতো। দেখা যেত, গ্রামের কোনো এক গাছতলায় বাউল সাধকেরা ১০-২০ কাটিয়ে দিত। এখন আর এসব দৃশ্য দেখা যায় না। আরেকটা কথা, যাঁদের প্রেরণায় আমরা গান শিখেছি, তাঁদের মতো এখন আর কাউকে দেখি না।
লোকগান নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন, সবচেয়ে বেশি ভালো লেগেছে কোথায়?
কমবেশি সব জায়গায় গান গেয়ে ভালো লেগেছে। তবে বেশি ভালো লেগেছে ঢাকায়। এখানে দেশের সব এলাকার মানুষজন কমবেশি থাকেন, আমার কেন যেন মনে হয় ঢাকায় যাঁরা থাকেন তাঁরা শিল্প-সংস্কৃতির প্রতি বেশি অনুরাগী। তাই ঢাকায় বাউলগান করে আনন্দ পাই।
লোকগানের এ উৎসব শ্রোতামহলে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
গত বছর থেকে শুরু হয় এই আয়োজন। এই উৎসবকে ঘিরে সবার আগ্রহ মুগ্ধ হওয়ার মতোই। দারুণ একটা আয়োজন করেছে কর্তৃপক্ষ। রাত জেগে শেকড়ের সন্ধানে সবাই এক হয়েছিল। শেকড়ের সেই সুরের মূর্ছনা শ্রোতাদের মুগ্ধও করে। তাই এবারের আয়োজন নিয়ে আমি আশাবাদী। লোক গানের এই আসর এবারও শ্রোতাদের শেকড়ের সন্ধানে নিয়ে যাবে। তবে আমার একটাই চাওয়া, শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রাম-গঞ্জে সবখানেই এমন আয়োজন ছড়িয়ে পড়ুক।