'এটা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনা দুজনই নজরুলসংগীতশিল্পী। এবার করলেন রবীন্দ্রসংগীতের অ্যালবাম একটুকু ছোঁওয়া লাগে। অ্যালবাম ও অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।
খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম
খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম

নজরুলচর্চা করেছেন। রবীন্দ্রনাথ কীভাবে এল?
খায়রুল আনাম শাকিল: বাড়িতে পারিবারিকভাবেই রবীন্দ্রসংগীত চর্চার একটা পরিবেশ ছিল। এ ছাড়া ছায়ানটের যাঁরা মাথার ওপর ছিলেন, তাঁরা রবীন্দ্রসংগীতের লোক ছিলেন। সেখানে থাকাকালীন নজরুলের গান চর্চা করলেও রবীন্দ্রনাথের গানের সঙ্গে নিবিড় একটা পরিচয় হয়েছিল।
কল্পনা আনাম: রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার পেছনে অন্য একটা গল্প আছে। আমাদের একজন আত্মীয়ার শখ ছিল শাকিলের কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার।
অ্যালবাম করার গল্পটা...
খায়রুল: আজকের (গতকাল) অনুষ্ঠানের মোড়ক উন্মোচক সুস্মিতা ইসলাম আমাদের খালা। তাঁর মনে হয়েছিল, আমি রবীন্দ্রনাথের গানকে নজরুলের প্রভাব ছাড়া গাইতে পারি। উনি আমার স্ত্রীকে অ্যালবাম করার কথা বললেন।
কল্পনা: পাঁচ বছর আগে একটা অ্যালবাম করার শখ ছিল। পরে আর করা হয়নি। এরপর নজরুলের হারানো দিনের গান নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাই। এর মধ্যে খালা বললেন, ‘দেখ, সেই ৪০ বছর আগে শাকিলের গান শুনেছি। আমার একটা শখ, তোরা শাকিলকে দিয়ে রবীন্দ্রসংগীতের একটা অ্যালবাম বের কর।’ কয়েকটি ট্র্যাক করা ছিল। সেখান থেকে আরও কয়েকটি যোগ করে জিনিসটা সাজালাম। এটা খালাকে উপহার দেব। এভাবেই রবীন্দ্রসংগীতের ব্যাপারটা মোটামুটি দাঁড়াল।
গানগুলো কি খালার পছন্দ করা?
খায়রুল: দু-একটা গানের ব্যাপারে হয়তো উনি বলেছেন, এ ধরনের গান করলে ভালো হয়। সেটা মাথায় রেখে আমরা তৈরি করেছি কিছু গান। গানগুলোর মধ্যে আছে ‘হায় কে দিবে আর সান্ত্বনা’, ‘খেলাঘর বাঁধতে লেগেছি’, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’। কল্পনা গেয়েছে ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’, ‘একটুকু ছোঁওয়া লাগে’। দ্বৈত কণ্ঠে আছে ‘তুমি রবে নীরবে’।
কল্পনা: আমরা মূলত নজরুলচর্চা করি। রবীন্দ্রসংগীত খুব বেশি জানি না। আমাদের পছন্দের গানগুলো রেখেছি।
নজরুলের জন্মবার্ষিকী নিয়ে কী ভাবছেন?
খায়রুল: নজরুলের জন্মবার্ষিকী নিয়ে দুই দিনব্যাপী আমাদের প্রতিষ্ঠানই অনুষ্ঠান করছে। কল্পনার তিনখানা নজরুলের অনলাইন অ্যালবাম বের হচ্ছে। এ বছর আমার কিছু বের হচ্ছে না। পরিকল্পনা করছি আগামী বছর অ্যালবাম বের করব।
নজরুলচর্চা করেছেন, পাশাপাশি আছে রবীন্দ্রভাবনা। কেমন করে সম্মিলন ঘটছে?
খায়রুল: নজরুলকেই আমি চর্চা করব সব সময়। তবে সারা জীবনের চর্চার মাঝে এই সময়ে শুধু একখানা রবীন্দ্রনাথের অ্যালবাম করলাম। এ ছাড়া বেঙ্গলের পঞ্চকবির গানের একটা অ্যালবামে দুটো রবীন্দ্রসংগীত আছে। এটা আর কিছুই না, গানকে যাঁরা সমৃদ্ধ করেছেন, তাঁদের প্রতি একটা ভালোবাসা তো আছেই, একটা শ্রদ্ধা জানানোও।