'এভাবে বাংলা ছবির দর্শক বাড়বে'

প্রথম ‘মনে পড়ে তোমাকে’ নামের একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করেছিলেন রিয়া। তা-ও বেশ আগের কথা। মাঝের সময়টাতে বাংলাদেশের আর কোনো ছবিতেই দেখা যায়নি কলকাতার মেয়ে রিয়া সেনকে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ছবিতে আবারও অভিনয় করলেন ভারতের এই জনপ্রিয় তারকা। ছবির নাম ‘হিরো ৪২০’। এরই মধ্যে এ ছবির শুটিংও শেষ হয়েছে। এবারের ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল। এ ছবির বিভিন্ন বিষয় আরও কিছু বিষয় নিয়ে কলকাতা থেকে মুঠোফোনে কথা বলেছেন রিয়া সেন।
দীর্ঘদিন পরে বাংলাদেশের ছবিতে অভিনয় করলেন...
হ্যাঁ। প্রথম যখন বাংলাদেশের ছবিতে অভিনয় করি, তখন আমি স্কুলে পড়ি। এরপর কলকাতার বাংলা, মুম্বাইয়ের হিন্দি ও তামিল ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মাঝের সময়টাতে বাংলাদেশের ছবিতে একাধিক কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু ভালো প্রজেক্ট পাইনি।
যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে কেমন লাগল?
কাজটি করতে এসে খুবই ভালো লেগেছে। ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। কাজ করতে গিয়ে দুই বাংলার ছবির পুরো টিমের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়েছে। সবার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। বাংলাদেশের সৈকত নাসিরের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।
যৌথ প্রযোজনায় ছবি নির্মাণকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন। আপনার মতামত কী?
দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার কিছুই নেই। এভাবে ছবি নির্মাণ হতে থাকলে দুই বাংলাতেই বাংলা ছবির দর্শক বাড়বে। দেশ-বিদেশে শিল্পীদের পরিচিতি বাড়বে। তাঁদের কাজের ক্ষেত্রও বাড়তে থাকবে। এটি খুবই ভালো একটি উদ্যোগ বলে মনে করি।
কীভাবে ‘হিরো ৪২০’ ছবিতে যুক্ত হলেন?
কাজটি করার জন্য কলকাতার এস কে মুভিজ থেকে প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজের সঙ্গেও মুঠোফোনে কথা হয়। ছবির গল্প ও আয়োজন শুনে ভালো লাগে। এরপর রাজি হই।
এখন থেকে কি নিয়মিত বাংলাদেশের ছবিতে কাজ করবেন?
‘হিরো ৪২০’ ছবিতে অভিনয় করতে গিয়ে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের টিমের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়েছে। আরও কাজ হবে। যৌথ প্রযোজনার ছবিতে আমি আরও কাজ করতে চাই। এরই মধ্যে বাংলাদেশের আরেকটি ছবিতে কাজের জন্য কথাবার্তা প্রায় চূড়ান্ত হওয়ার পথে।
‘হিরো ৪২০’ ছবিতে আপনার সহশিল্পী হিসেবে বাংলাদেশের মেয়ে ফারিয়া অভিনয় করেছেন। কাজের সময় দুজনের মধ্যে বোঝাপড়াটা কেমন ছিল?
ছবিটিতে আমার শুটিং শিডিউল ছিল ২২ দিনের মতো। ফারিয়ার সঙ্গে তিন দিন কাজ হয়েছে। আমার সঙ্গে ওই অর্থে তার তেমন কোনো সংলাপও ছিল না। তাই শুটিংয়ের সময় তার সঙ্গে আলাদা কোনো আড্ডা বা কথাবার্তাও হয়নি।
ছবির ট্রেলার ও এই ছবির ‘ও রিয়া ও রিয়া’ গানটি আপনার ফেসবুক পেজে দেখা গেছে। দর্শকের সাড়া কেমন?
এক সপ্তাহে ভিডিও-গানটিতে প্রায় দেড় লাখ ভিউয়ার্স! এরই মধ্যে গানটি কলকাতার শ্রোতারা পছন্দ করেছেন। ট্রেলারটিও দর্শকেরা দেখছেন।
সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।