'কবরী একজন নিরহংকারী শিল্পী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

অভিনেত্রী কবরীর চলচ্চিত্রে অভিনয়ের ৫০ বছর নিয়ে তৈরি হয়েছে ‘অভিনেত্রী কবরীর ৫০ বছর’ নামে একটি অনুষ্ঠান। আজ রাত আটটায় চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি সঞ্চালনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। কথা হলো তাঁর সঙ্গে
পূর্বসূরি অভিনেত্রী কবরীর অভিনয়জীবনের ৫০ বছর। বিশাল একটা বিষয় নিয়ে কথা বলেছেন আপনারা। অর্জনটা কী?
বাংলাদেশি চলচ্চিত্রে কবরীর সঙ্গে কারও কোনো তুলনা হয় না। তাঁর ধৈর্য, ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনার নানা দিক, কাজ করার ক্ষেত্রে ভালোবাসা ও মমতা, কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকা—এসব ব্যাপারে নতুনভাবে আমি অনেক কিছুই জানতে পেরেছি। তাঁর ক্যারিয়ারের নানামাত্রিক দিক আমাকে বরাবর মুগ্ধ করেছে।
একটু খুলে বলুন...
কবরী ম্যাডামের সঙ্গে আড্ডা দিয়ে তাঁর কাজের প্রতি ধৈর্যশীলতার অনেক পরিচয় পেয়েছি। তাঁর জীবনে এমনও দিন গেছে, একটি দৃশ্যের জন্য খুব ভোরবেলা ঘুম থেকে উঠে শুটিং স্পটে হাজির হয়েছেন। আবার দেখা গেছে, সারা দিন কোনো দৃশ্যের কাজ হবে না, সন্ধ্যায় একটিমাত্র দৃশ্যের শুটিং হবে, তার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছেন। আমার কাছে তাঁকে কাদামাটির মতো মনে হয়েছে। কাদামাটিকে যেমন যেভাবে ইচ্ছে ভাঙা যায়, ঠিক তেমনটি কবরী ম্যাডাম নিজেকে ভেঙেচুরে নিজেকে গড়ে নিয়েছেন। বড় শিল্পী হতে হলে কাদামাটির মতো হতে হয়, এটা কবরী ম্যাডামের কাছ থেকে নতুন করে শিখেছি।

কবরী
কবরী

চলচ্চিত্র ছাড়া কবরীর আর কোনো দিক আপনার চোখে পড়েছে?
মানুষ হিসেবে কবরী ম্যাডামকে দেখেছি। তাঁর কাছ থেকে জানতে পারলাম, কীভাবে চলচ্চিত্রের কাজ করেও সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান থেকেছেন। চলচ্চিত্রের পাশাপাশি কবরী ম্যাডাম মা হিসেবেও শ্রদ্ধার যোগ্য। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার ব্যাপারটি আমাকে মুগ্ধ করেছে। আমি এখন থেকে নতুনভাবে নিজেকে সমাজের নানা কাজে আরও ভালোভাবে যুক্ত করার কথা ভাবছি। চলচ্চিত্রের উন্নয়নের জন্য তাঁর ভাবনাও আমার জন্য অনেক শেখার। তিনি একজন নিরহংকারী শিল্পী।