>কালি নামের পাঁচ পর্বের একটি ওয়েব সিরিজ সম্প্রতি বায়োস্কোপ লাইভ নামের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অমিত আশরাফ পরিচালিত এই সিরিজে নাম–ভূমিকায় অভিনয় করেছেন আজরা মাহমুদ। তিনি এই সিরিজে এক অতিমানবী। গতকাল রোববার বিকেলে সিরিজটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

ওয়েব সিরিজ ‘কালি’র সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
বছর তিনেক ধরে অমিতের (পরিচালক) সঙ্গে আমার পরিচয়। আমরা একসঙ্গে একটি ফ্যাশন ব্র্যান্ডে কাজ করতাম। অমিত আমাকে প্রথম দেখায় বলেছিলেন, আমাকে নাকি অ্যাকশন সিনেমায় ভালো মানাবে। এটা ছিল আমাদের পরিচয়ের পর আমাকে নিয়ে করা তাঁর প্রথম মন্তব্য। এরপর কালি সিরিজের চিত্রনাট্য চূড়ান্ত করা হলো, তখনই অমিত আবার আমার সঙ্গে যোগাযোগ করেন। জানতে চান ‘কালি’ চরিত্রটি আমি করব কি না? চিত্রনাট্য পড়ার পর চরিত্রটা আমাকে আঁকড়ে ধরে। আমার মনে হয়েছে, চরিত্রটি আমার জন্যই তৈরি।
‘কালি’ সিরিজে অভিনয়ের প্রস্তুতি কেমন ছিল?
আমার যা মনে হয়েছে, অমিত আশরাফ সাধারণ নির্মাতাদের মতো কাজ করেন না। তিনি অনেক গভীরে গিয়ে কাজ করেন। ছোট বিষয়গুলো নিয়েও ভাবেন। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু অভিনয় না, সাত-আট বছর আগে শেষ নাটকে কাজ করেছি, সেহেতু আমাকে তিনি অনেক প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন। ফাইট শিখিয়েছেন। এ ধরনের অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন ছিল। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। দিনে ১৮ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত টানা কাজ চলত আমাদের। প্রত্যেক মানুষ এই গল্পটার সঙ্গে এতটাই জড়িয়ে গিয়েছিলেন যে কখন এত সময় পার হয়ে গেছে, আমরা টেরই পাইনি। কখনো কখনো ভোর চারটা-পাঁচটা পর্যন্ত শুটিং করেও কারও চোখে-মুখে ক্লান্তি থাকত না। এটা আমার অভিনয়জীবনের অন্যতম অর্জন।
‘কালি’ সিরিজ প্রকাশের পর সাড়া কেমন পাচ্ছেন?
খুব ভালো সাড়া পাচ্ছি। আমার জীবনে আমি অন্য কোনো কাজে এতটা প্রশংসা পেয়েছি বলে মনে হয় না। কালি মানুষকে এতটা টানবে ভাবিনি।
‘কালি’র নতুন কিস্তি কবে আসছে?
প্রথম পাঁচ পর্বকে আমরা ‘সিজন ওয়ান’ বলছি। বায়োস্কোপ লাইভ ডটকমে এখনো মানুষ এটা দেখছেন। আরও কিছুদিন সবকিছু পর্যবেক্ষণের পর কালির সিজন টু করার চিন্তাভাবনা করব।
সাক্ষাৎকার: মনজুর কাদের