'খণ্ড নাটকে স্বাচ্ছন্দ্যবোধ করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল
সজল

সজল। ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনয়শিল্পী। ধারাবাহিকের চেয়ে খণ্ড নাটকে বেশি ব্যস্ত রাখেন নিজেকে। এবারের ঈদে প্রায় সব কটি চ্যানেলে প্রচারিত হবে সজল অভিনীত একাধিক নাটক। ঈদের নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে
এবার ঈদে আপনার কয়টি নাটক দেখা যাবে?
এবার আমি সিনেমার কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। ৬২ দিন ধরে কাজ করে রান আউট ছবির শুটিং শেষ করেছি। এটি আমার প্রথম বাণিজ্যিক ঘরানার সিনেমা। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটকের কাজে খুব বেশি সময় দিতে পারিনি। তার পরও জানতে পারছি, ঈদে আমার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হতে যাচ্ছে। সঠিক সংখ্যাটা বলা খুব মুশকিল।
সব নাটকের সেরা...
গত কয়েক বছরের মতো এবার ঈদেও আমি অনেকগুলো নাটকের কাজ করেছি। তাই এসব নাটক থেকে সেরা বলাটা মুশকিল। যেহেতু আমি শুধু এক ঘণ্টার নাটকে কাজ করি, তাই পরিচালকেরাও আমার জন্য সেভাবেই গল্প ভাবেন। এই মুহূর্তে যেসব নাটকের নাম মনে পড়ছে, সেগুলো হচ্ছে কমন ডায়ালগ, স্বপ্নের শুরু ও শেষ, ঘুণপোকা, উত্তর প্রজন্ম, থাকা না-থাকার মাঝখানে ও রিটার্ন ব্যাক।
ধারাবাহিকের চেয়ে খণ্ড নাটক...
ধারাবাহিক নাটকে কাজ না করার ক্ষেত্রে বিশেষ কোনো কারণ নেই। আমি কেন জানি খণ্ড নাটকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ধারাবাহিক নাটকের একটানা শিডিউল মেলানো আমার কাছে কিছুটা ঝামেলাপূর্ণ মনে হয়।
‘রান আউট’...
রান আউট ছবিতে সময়কে ধরার চেষ্টা করা হয়েছে। তাই ছবির শুটিংও করতে হচ্ছে সময় নিয়ে। ছবিতে আমার সহশিল্পী মৌসুমী নাগ ও স্বর্ণা। এ ছাড়া আমার সঙ্গে আইটেম গানে অংশ নিয়েছেন নায়লা নাঈম।
ছোট পর্দায় আমি...
আমার সব ভালো লাগা ছোট পর্দাকে ঘিরে। এ মাধ্যমটিই আমাকে সবার কাছে সজল হিসেবে পরিচিত করেছে।
সজল বিয়ে করবে কবে?
বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। এই ব্যাপারটি ওপরওয়ালার ওপরই ছেড়ে দিয়েছি।
ঈদে আমি...
আমার এবারের ঈদ কাটবে কাতারে। প্রবাসী বাঙালিদের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিতে ২৮ জুলাই কাতার যাব।