'খেলাম, বিচারও করলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তারিক আনাম খান
তারিক আনাম খান
আজ শুরু হচ্ছে সেরা রন্ধনশিল্পী খোঁজার রিয়েলিটি শো ‘রূপচাঁদা–দ্য ডেইলি স্টার সুপারশেফ’-এর তৃতীয় মৌসুম। এনটিভিতে রাত নয়টায় দেখানো হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। দ্বিতীয় মৌসুমের মতো তৃতীয় আসরেও বিচারক হিসেবে আছেন অভিনেতা তারিক আনাম খান। একই সঙ্গে এ বছর তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।

আবার রান্নার অনুষ্ঠানের বিচারক হলেন, কেমন লাগছে?
খাওয়াদাওয়ার ব্যাপারে কিন্তু সবারই আগ্রহ আছে। যে যা-ই বলুক, খেতে ভালোবাসে না—এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। আমিও খেতে ভালোবাসি। আর এই অনুষ্ঠানে বিচারক হওয়ার বড় সুবিধা হলো, খেলাম, আবার বিচারও করলাম। এটা একটা অন্য রকম ব্যাপার।
২০১৪ সালের ‘দেশা—দ্য লিডার’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কেমন লাগছে?
আমার কাছে মনে হয়, শিল্প, বিনোদন ও শিক্ষা একসঙ্গে চলতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটা চলতে পারে না। একটা চলচ্চিত্র বিনোদনধর্মী যেমন হতে হবে, তেমনি হতে হবে শিক্ষামূলক। সেদিক থেকে ভাবলে দেশা—দ্য লিডার-এ এই দুটি বিষয় রয়েছে। আমার অভিনয় করে ভালো লেগেছে। পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে।
বেশ কয়েক বছর পর মহিলা সমিতি মঞ্চ সংস্কার করে আবার নতুন করে চালু হলো। মঞ্চের অভিনেতা হিসেবে এটা নিশ্চয় আপনাদের জন্য আনন্দের?
অবশ্যই আনন্দের। কিন্তু সমস্যা একটা আছে। নতুন করে মিলনায়তনটির যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা ঢাকার দলগুলোর জন্য বহন করা কঠিন। নাটক মঞ্চায়ন করে আর কত টাকা ওঠে! ছুটির দিন ছাড়া ভাড়া ওঠানোই কঠিন হয়ে যাবে আমাদের জন্য।
বছর তিনেক আগে বাংলাদেশে হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জার্স: দ্য এজ অব আলট্রন’-এর শুটিং হয়েছিল। সেই শুটিংয়ের বাংলাদেশ অংশের মূল দায়িত্বে ছিলেন আপনি। বাংলাদেশে এ রকম আন্তর্জাতিক মানের চলচ্চিত্রের শুটিং হওয়ার সম্ভাবনা কতটুকু?
সম্ভাবনা অনেক। তবে সরকারের কিছু সহযোগিতা লাগবে। অনুমতি পাওয়ার জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়। এর মধ্যে কিছু জায়গা যেমন বান্দরবান, খাগড়াছড়িতে শুটিং করার অনুমতিই মেলে না। একই সঙ্গে নিরাপত্তার ব্যাপারটিও আছে। এসব দিক থেকে একটু সহজ হলেই এ দেশে আন্তর্জাতিক চলচ্চিত্রের শুটিং হতে পারে।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক