'গায়িকা না হলে চিত্রশিল্পী হতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনকচাঁপা
কনকচাঁপা

সংগীতশিল্পী। ১০ বছর পর এসেছে তাঁর নতুন অ্যালবাম। নাম আড়ালে। সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। প্রকাশ করেছে লেজার ভিশন।
কথা হলো তাঁর সঙ্গে।
‘আড়ালে’...
আমার নতুন অ্যালবাম। ১০ বছর পর মৌলিক গানের অ্যালবাম প্রকাশিত হলো। গান এবং আমি দুটি সমার্থক শব্দ বলা যেতে পারে। তবে অ্যালবাম প্রকাশের জন্য যে পূর্বপ্রস্তুতির দরকার, তা ছিল না। এটা আমার দোষ বলা যেতে পারে।
‘আড়ালে’ আমার ভালো লাগা...
অ্যালবামের প্রতিটি গানের কথা অসাধারণ। গানগুলোর মধ্যে মান-অভিমান, প্রেম-ভালোবাসার চিত্রকল্প সবাইকে মুগ্ধ করবে। রয়েছে মাকে নিয়েও একটি গান। আমার কাছে প্রতিটি গানের অনুভূতি নতুন মনে হয়েছে। আর পিলু ভাই ও নকীব ভাই তো এককথায় অনবদ্য। নতুন করে দুই ভাইয়ের ভক্ত হয়ে গেলাম।
স্বামী ও সুরকার মইনুল ইসলাম খান...
আমার জীবনে চমৎকার কিছু গানের পেছনে তাঁর অবদান সবচেয়ে বেশি। তাঁর গান গাওয়ার সময় আমাকে বেশ সতর্ক থাকতে হয়। স্বাভাবিক চোখে তাঁর গানগুলো সহজ মনে হলেও গাওয়াটা খুব কঠিন। আর গাওয়ার পর তাঁর গানগুলো মাস্টারপিস হয়ে ওঠে। আড়ালে অ্যালবামেও তাঁর সুর করা গান রয়েছে।
ফেসবুকে স্কুল....
ফেসবুক শুধু আড্ডা দেওয়ার জন্য নয়। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি অন্য উপকারেও আসতে পারে। সেই ভাবনা থেকে তিন বছর হলো ফেসবুকে স্কুল চালু করেছি। এখানে নির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলা হয় না। মানুষ ও সমাজের উপকারে আসে তেমন সব বিষয়ই এই স্কুলের ছাত্রছাত্রীদের পাঠ্য। এখানে আমার ২৪ জন ছাত্রছাত্রী আছে।
লেখালেখি...
গান গাইতে গিয়ে বিশ্বের অনেক দেশ ঘুরেছি। অনেক ধরনের মানুষের সঙ্গে মিশেছি। আমার ভ্রমণকাহিনি বেশ সমৃদ্ধ। যেখানেই যাই, সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি।
গায়িকা না হলে...
আমার বাবা ছিলেন একজন চিত্রশিল্পী। পারিবারিকভাবে ছবি আঁকার ব্যাপারটি আমার মধ্যে আছে। কিন্তু গানের জন্য বাবা আমাকে তুলি ধরতে দেননি। আমি গান গেয়ে বাবার কথা রেখেছি। পাশাপাশি ছবি আঁকার চর্চাটা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমার আঁকা চিত্রকর্ম নিয়ে একটি প্রদর্শনী করব। গায়িকা না হলে চিত্রশিল্পী হতাম।