'চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে অনেক দিনের'

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বেশ কিছুদিন ধরেই প্রচারিত হচ্ছে এলিটা ও শোয়েবের গাওয়া ‘ঘুম হয়ে আজ’ গানের ভিডিও। এতে মডেল হয়েছেন সুজানা জাফর । এই গানটির মাধ্যমে বহুদিন পর কোনো গানের মডেল হলেন তিনি। এ ছাড়াও এবারের ঈদে কয়েকটি টিভি চ্যানেলে সুজানা অভিনীত কয়েকটি নাটক প্রচারের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে এসব কথা জানান তিনি। এর বাইরে জানালেন নিজের কিছু ইচ্ছের কথাও। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন নাদিয়া মাহমুদ
বহুদিন পর কোনো গানের মডেল হলেন। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
বছর দু-এক আগে ‘ভালো লাগে না’ শিরোনামের এই গানের মডেল হয়েছিলাম। গানটির ভিডিও নির্মাণ করেছিলেন গাজী শুভ্র। এরপর অনেকে আমাকে গানের ভিডিওতে কাজ করার প্রস্তাব দিলেও পছন্দ না হওয়ায় কাজ করিনি। রোজার ঈদের আগে ‘ঘুম হয়ে আজ’ গানের ভিডিওতে কাজ করার প্রস্তাব পাই। গানটি শুনে এত ভালো লেগে যায় তাই না করতে পারিনি। শুনেছি, ‘ঘুম হয়ে আজ’ গানের মিউজিক ভিডিও এরই মধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বলতে পারেন, এই গানটির কারণে আবার নতুন করে আলোচনায় এসেছি।
কেমন সেটা?
‘ঘুম হয়ে আজ’ গানের ভিডিও’র প্রচার শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন নির্মাতা আমাকে দিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন।
এখন পর্যন্ত কোনো প্রস্তাবে কি ‘হ্যাঁ’ বলেছেন?
এখনো পর্যন্ত তেমন কোনো গল্পই আমার পছন্দ হয়নি। বলতে পারেন, মনের মতো কোনো চলচ্চিত্রের প্রস্তাব এখনো আসেনি। সবই গতানুগতিক মনে হয়েছে।

তার মানে, চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আপনি আগ্রহী?
মাঝে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু এখন সেই চিত্র অনেকটা পাল্টেছে। বর্তমানে অনেক নির্মাতা বেশ ভালো কাজ করছেন। ভালো মানের কোনো চলচ্চিত্রে সুযোগ পেলে অবশ্যই কাজ করব। হোক না তা এপার বা ওপার বাংলা। আমার কাছে কাজটাই মুখ্য। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে আমার অনেক দিনের। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি দেখার পর থেকেই এই ইচ্ছে প্রবল হতে থাকে। এমন কোনো ছবিতে অভিনয় করার সুযোগ পেলে তা সঙ্গে সঙ্গে লুফে নেব।
আচ্ছা ‘ঘুম হয়ে আজ’ গানের ভিডিওর কাজ করতে গিয়ে মজার কোনো ঘটনা ঘটেছে কী?
গানটি প্রচার শুরুর পর যতটা উচ্ছ্বসিত হয়েছি, শুটিংয়ের সময় ততোটা ছিলাম না। কারণ শুটিং স্পটে আমার মোবাইল চুরি হয়। এতে করে মোবাইল ফোনে থাকা সমস্ত স্মৃতি হারিয়ে ভীষণ মন খারাপ হয়েছিল। মিউজিক ভিডিওর শেষে কান্নার যে দৃশ্যটি ধারণ করা হয়, তার কিছুক্ষণ আগেই টের পাই, আমার মোবাইল চুরি হয়েছে।
আপনি তো এক সময় শুধুই মডেলিং করতেন...
মডেলিং দিয়ে শুরু করলেও অভিনয় এখন আমার পেশা। তবে, প্রয়োজনে লম্বা সময় ধরে পর্দায় অনুপস্থিত থাকতে রাজি আছি; কিন্তু মানহীন বা নিজের অপছন্দের কোনো কাজ করে দর্শকদের কাছে নিজের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চাই না।