>এই ঈদের দুটি ছবি ‘বসগিরি’ ও ‘শ্যুটার’-এ শাকিব খানের নায়িকা হয়েছেন শবনম বুবলী। এর মধ্য দিয়ে বড় পর্দার অভিষেক হলো এই নবাগত নায়িকার। ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকসারিতে বসে ‘বসগিরি’ দেখেছেন। প্রথম আলোকে সেই অভিজ্ঞতার কথা বলেছেন তিনি।

‘বসগিরি’ ছবিতে সাড়া কেমন পাচ্ছেন?
রাজধানীর ও দেশের বিভিন্ন জায়গা থেকে ভালো সাড়া পাচ্ছি। ‘বসগিরি’ টিমের অনেক সদস্য বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে গেছেন। তাঁরাও ভালো খবর দিয়েছেন। কিছু জায়গায় হলে দর্শকের এত চাপ যে টিকিট না পেয়ে হল থেকে দর্শক ফিরে গেছেন। কেউ কেউ বলছেন, ছবিটি ‘শিকারি’কেও ছাড়িয়ে যেতে পারে।
আপনি ‘বসগিরি’ দেখলেন কোন হলে?
ঈদের পরের দিন ছোট ভাইকে নিয়ে টঙ্গীর চম্পাকলিতে। সিনেমা হলে বোরকা পরে যেতে হয়েছে। যা দর্শক, বোরকা ছাড়া উপায় ছিল না। গিয়ে শুনলাম, সকালের শোতে দর্শকদের ভিড়ে হলের বাইরের মূল গেট ভেঙে গেছে।
ছবি দেখার অভিজ্ঞতা কেমন ছিল?
গানের দৃশ্যগুলোতে দর্শকেরা সিটের ওপর দাঁড়িয়ে নাচানাচি করছিলেন। যখন হেলিকপ্টারে করে নায়ক শাকিব খান প্রবেশ করলেন, পুরো হল যেন চিৎকার আর করতালিতে ফেটে পড়ছিল। কমেডি দৃশ্যগুলোও দর্শক উপভোগ করছিলেন। নায়ক-নায়িকাকে ঘিরে দর্শকের মন্তব্যগুলো কাছে বসেই শুনছিলাম। ওই মুহূর্তের আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারব না। ছবি দেখতে গিয়ে কেঁদে ফেলেছি।
আপনাকে দর্শকেরা কীভাবে নিয়েছেন?
ছবিটিতে আমার প্রথম দৃশ্যে একটি বস্তার ভেতর থেকে বের হই আমি। সঙ্গে সঙ্গে হলজুড়ে দর্শকের হাততালি। চোখে পানি চলে এসেছিল। আর ‘ডিল ডিল’ ও ‘বুবলী বুবলী’ গান দুটির সময় দর্শকের উল্লাস-চিৎকার আর নাচানাচিতে কিছুই শুনতে পাচ্ছিলাম না।
‘বসগিরি’ নিয়েই আপনার উন্মাদনা দেখা যাচ্ছে। কেন?
উপস্থাপনা ছেড়ে প্রথম চুক্তিবদ্ধ হয়েছি বসগিরি ছবিতে। ছবিতে অভিনয় শুরুর আগে পরিবার থেকেও সমস্যা হয়েছিল। সবকিছু অতিক্রম করে কাজটি শুরু করেছিলাম। তাই ছবিটির প্রতি আমার ভালোবাসা একটু বেশি। তবে ‘শ্যুটার’ যে খারাপ হয়েছে, তা বলা যাবে না। দু-এক দিনের মধ্যে হলে গিয়ে দেখব ছবিটি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন