'ছবিতেও আমাকে গাইতে দেখা যাবে'
>ট্রাভেল শো ও গানের শো করে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র ঘুরে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন তাহসান খান। এসেই গান ও ঈদের বিশেষ কিছু নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই সংগীত ও অভিনয়শিল্পী।

কেমন হলো ট্রাভেল শো?
ভালো। মেক্সিকো সিটিতে অনুষ্ঠানটির শুটিং হয়েছে। চার দিন ছিলাম ওখানে। যতটুকু শুটিং করা হয়েছে, প্রায় ২০ পর্বের হবে। ট্রাভেল শোটির নাম ‘জেট সেট লাইফ’। এটি চ্যানেল আইতে দেখানো হবে। আমি এমনিতেই ভ্রমণে গেলে ভ্লগিং (ভিডিও ব্লগ) করতে ভালোবাসি। এর আগে পৃথিবীর যেখানেই গিয়েছি, সেখানেই চলার পথে সুন্দর দৃশ্যগুলো ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেছি।
গানের অনুষ্ঠানও তো করেছেন?
ট্রাভেল শোর শুটিং শেষ করে বাংলাদেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র হয়ে এসেছি। দুটি গানের অনুষ্ঠান করেছি নিউইয়র্কের ব্রঙ্কস ও কুইনসে।
‘যদি একদিন’ ছবির খবর কী?
ছবির শুটিং শেষ। আগামী মাসের প্রথম দিকে আমার অংশের ডাবিংয়ের কাজটুকু করব। দু-তিন দিনের মধ্যে ছবির ‘অামি পারবো না তোমার হতে’ শিরোনামের গানটি আরটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটি আমার ও কোনালের গাওয়া। ছবিতেও আমাকে গাইতে দেখা যাবে।
ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?
সত্যি কথা কি, সবকিছু ঢেলে দিয়েই এই ছবিতে কাজ করেছি। কাজ করে আমি এতটাই তৃপ্ত যে বলে বোঝানো যাবে না। অনেক দিন থেকেই এমন কাজের জন্য অপেক্ষা করছিলাম। এখন ছবিটি মুক্তির পর দর্শকেরা কীভাবে নেন, সেটাই দেখার বিষয়।
গানের খবর কী?
এখন তো দেশে ও দেশের বাইরে মঞ্চে বেশি গান করছি। নতুন কিছু উদ্যোগ নিয়ে কাজ করছি। তা ছাড়া ঈদুল আজহায় সিডি চয়েস থেকে ‘শেষ দিন’ শিরোনামে একটি দ্বৈত গানের ভিডিও প্রকাশিত হবে। আমার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন টিনা মোস্তারী।
ঈদের নাটক করছেন?
হ্যাঁ। এবার ঈদে তিনটি নাটকে কাজ করছি। নাটকগুলো হলো কথা রেখেছিলাম, একটু হাসো এবং বাড়ি ফেরা।
মিনার, ইমরান ও প্রীতম হাসান-সংগীতশিল্পী হিসেবে কাকে এগিয়ে রাখবেন?
মিনার। আমার কাছে মনে হয়, গত ১০ বছরে মিনারের মতো মেধাবী সংগীতশিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিতে আসেনি।
সুরকার ও সংগীতকার হিসেবে হাবিব, হৃদয় খান, নাকি ফুয়াদ আপনার প্রথম পছন্দ?
দরদ দিয়ে মিউজিক করেন হাবিব, আর ফুয়াদকে আমার কাছে সবচেয়ে ভালো সংগীতায়োজক মনে হয়।
মা অভিনেত্রী, বাবা সংগীতশিল্পী। মেয়ে আয়রাকে কী হিসেবে দেখতে চান?
বাবা হিসেবে আয়রার পছন্দই আমার পছন্দ। তবে আমি চাই সুস্থ মন নিয়ে একজন ভালো মানুষ হিসেবে আয়রা বেড়ে উঠবে।