'ঢাকা অ্যাটাক' বিশ্বে ছড়িয়ে দিতে চাই

চতুর্থ সপ্তাহেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এ সময়ের আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। শোনা যাচ্ছে, দেশের বাইরের প্রবাসী বাঙালি দর্শকও নাকি আগ্রহ নিয়ে দেখছেন। সানী সানোয়ারের গল্পে এই সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে নাটক নির্মাণের সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয় বন্ধুদের নিয়ে বানানো ‘স্বপ্নপুরী’ নামের সেই নাটক ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। তবে এক যুগ ধরে নাটক নির্মাণের সঙ্গে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে খণ্ড নাটক, টেলিছবি ও ধারাবাহিক মিলিয়ে শ খানেক নাটক নির্মাণ করেছেন। ‘ঢাকা অ্যাটাক’ তাঁর প্রথম সিনেমা। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে বলেন সিনেমা নির্মাণের নানা অভিজ্ঞতার কথা।
আপনার নির্মিত প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দেখতে টানা চতুর্থ সপ্তাহও দর্শকেরা প্রেক্ষাগৃহে ছুটছেন। কেমন লাগছে?
‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পোস্ট প্রোডাকশনের সময় আমার আত্মবিশ্বাস ছিল। ভেবেছিলাম, সিনেমাটি সবার ভালো লাগবে। কিন্তু এখন যতটা সাড়া পাচ্ছি, তা প্রত্যাশার বাইরে। আমাদের এই সিনেমা ফর্মুলার বাইরের গল্প। তাই একটু ঝুঁকি ছিল। স্বাভাবিকভাবে সিনেমায় যেভাবে প্রেম, আবেগ, ভালোবাসা থাকে, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে সেভাবে এসব নেই। গল্পটা অন্য রকম। আমাদের চেষ্টা ছিল দর্শককে সিনেমাটি দেখানোর।
‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শুটিংয়ের সময়টা কেমন ছিল?
এই সিনেমার পথটা ছিল একেবারেই নতুন। বাংলাদেশে এভাবে সোয়াট আর বম্ব ডিসপোজাল টিম নিয়ে কোনো কাজ হয়নি। তাই অচেনা পথে হাঁটতে হয়েছে। শুধু আমাদের এখানে নয়, এই ধরনের কাজ পাশের দেশেও হয়নি। ওদের সিনেমাগুলো একটু অন্য রকম হয়। যেমন ‘সিংহাম’ পুলিশের সিনেমা, কিন্তু সেখানে অন্য রকম ফ্যান্টাসি ছিল। আমাদের ছবিতে একদম বাস্তব বিষয় নিয়ে কাজ করতে হয়েছে, পাশাপাশি দর্শককে ধরে রাখার ব্যাপার ছিল। আমাদের সামনে কোনো রেফারেন্স ছিল না। নিজের মতো করে পথ তৈরি করতে হয়েছে।
কীভাবে এগিয়েছেন?
সিনেমা তৈরির আগে একটা টিম তৈরি করেছি। তাদের বোঝাতে হয়েছে, সিনেমা বানাতে হলে অনেক কষ্ট করতে হবে। পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ। সাড়ে তিন বছর ধরে পুরো টিম যেভাবে পরিশ্রম করেছে, তাতে ন্যায্য সম্মানী কিন্তু কেউ পাইনি। সম্মানীর দিকে না তাকিয়ে সবাই ভালোবাসা দিয়ে কাজ করেছি।

প্রথম সিনেমায় বড় তারকা নিয়ে কাজ করেছেন, কতটা চ্যালেঞ্জ ছিল?
স্টার কাস্টিংয়ের পাশাপাশি এই সিনেমায় যথাযথ শিল্পী নির্বাচন নিয়ে ভাবতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এই সিনেমার জন্য শুভ আর মাহিয়া মাহি একদম পারফেক্ট। তাঁরা এতটা আন্তরিক ছিলেন যে মনেই হয়নি কোনো তারকার সঙ্গে কাজ করছি। সবাই টিম মেম্বার হয়ে কাজ করেছেন। আউডটডোর শুটিংয়ের সময় আমরা সবাইকে ঠিকভাবে সাপোর্ট দিতে পারিনি। এরপরও কোনো অভিযোগ পাইনি। শুটিংও অনেক সময় নিয়ে হয়েছে। সবার কাছ থেকে এমন সহযোগিতা না পেলে সিনেমাটা শেষ করতে পারতাম না।
‘ঢাকা অ্যাটাক’ সিনেমার ভাবনা কীভাবে হলো?
বছর চারেক আগের ঘটনা। সানীর (সানী সানোয়ার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার) অফিসে আমার প্রায়ই যাওয়া হয়। সেখানে সোয়াট ও বম্ব নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের দেখে মনে হয়েছে, আমি বাইরে থেকে যেসব পুলিশকে দেখি, এঁরা একেবারেই অচেনা। সানীকে বললাম, এই পুলিশিং তো মানুষকে দেখানো উচিত। আমি না হয় বন্ধু হিসেবে দেখতে পাচ্ছি। ওরা বলল, একটা এক ঘন্টার নাটক বানিয়ে ফেলো, ধারাবাহিকও হতে পারে। আমি বললাম, বিষয়গুলো তুলে ধরতে হলে সিনেমা বানাতে হবে। ওই সময় একটা সিনেমায় ইনভল্ব হওয়া একদমই ভাবনার বাইরের একটা ব্যাপার ছিল। আমাদের ছয় মাস সময় লেগেছে পুলিশকে কনভিন্স করতে, পুলিশ একটা সিনেমা করবে। ওই সময় কমিশনার ছিলেন বেনজীর স্যার (বেনজীর আহমেদ, বর্তমানে র্যাবের মহাপরিচালক)। আমি তাঁর কাছে খুব কৃতজ্ঞ, প্রথম মিটিংয়ে তিনি সাহস না দিলে ছবিটা আলোর মুখ হয়তো দেখতে পেত না। পরবর্তী সময়ে যাঁরা কমিশনার আর আইজিপি স্যার হিসেবে এসেছেন, সবাই সহযোগিতা করেছেন।
অভিনয়শিল্পী নির্বাচন কীভাবে করেছেন?
এই সিনেমার সব কটি চরিত্র নির্বাচনের কৃতিত্ব থ্রি হুইলারস লিমিটেডের। এই প্রতিষ্ঠান অভিনয়শিল্পী নির্বাচনের কাজ করেছে বিনামূল্যে। বিদেশে আর্টিস্ট কাস্টিং ঠিক যে পেশাদারভাবে করা হয়, ওরা সেভাবেই করেছে। আমাদের এখানে তো বাজেটের সীমাবদ্ধতা থাকে, তারপরও সিনেমা নির্মাণের যে গ্রামাটিক্যাল প্রসেস থাকে, তা আমরা মেনে নিয়েছি।

সেটা কী রকম?
এই যেমন আমরা একেক সময় একেক ধাপ অতিক্রম করেছি। গল্প ডেভেলপ যখন করেছি, তখন গল্প নিয়ে ব্যস্ত ছিলাম। তবে গল্প যত ভালো হোক না কেন, দিন শেষে সিনেমাটা যদি দর্শকের ভালো না লাগে, তাহলে মানুষ যেকোনো কনটেন্টকে সরিয়ে দেয়। সিনেমাটা মানুষের ভালো লাগতে হবে। সিনেমা দেখে যদি দর্শক বিরক্ত হয়, মনোযোগ ছুটে যায়, তাহলে তা ব্যর্থ সিনেমায় রূপান্তর হয়। দর্শক যেন পুরোপুরি লেগে থাকে, তাদের মনোযোগ যাতে ছুটে না যায়, তাই আমরা নির্মাণের শুরু থেকে জোর দিয়েছি। এরপর সম্পাদনা, মিউজিক আর অন্যান্য বিষয়েও জোর দিয়েছি।
আপনার এই সিনেমায় মাহির উপস্থিতি নিয়ে নানা কথা হচ্ছে।
একটা কথা বলতে চাই, গল্পে মাহিকে যতটুকু জায়গা দেওয়া সম্ভব ছিল, আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া মাহির চরিত্র নিয়ে যে প্রশ্নগুলো এরই মধ্যে এসেছে, ‘ঢাকা অ্যাটাক টু’র পরিকল্পনামতে তা দেখার পর উত্তর পেয়ে যাবেন। ‘ঢাকা অ্যাটাক টু’র গল্পের স্বার্থে আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।
তাহলে ‘ঢাকা অ্যাটাক টু’ কবে শুরু হচ্ছে
দর্শকের ভালোবাসা আমাদের যে পরিমাণ চাপ ও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, যদি ‘ঢাকা অ্যাটাক টু’ অন্তত দেড় গুণ ভালো করতে না পরি, তাহলে দর্শক খুশি হবে না। আমরা আরও সাবধান হয়ে কাজ করছি। এই ছবির কাজ ২০১৯ সালে শুরু করব।
এখানে ‘ঢাকা অ্যাটাক’ ছবির সবাই থাকবেন?
সবকিছু জানা যাবে পুরো চিত্রনাট্য তৈরির পর। প্রাথমিকভাবে আমরা পুরোনো টিম নিয়ে কাজ করতে চাই। স্ক্রিপ্টের প্রয়োজনে হয়তো একটু এদিক-সেদিক হতে পারে। দর্শকদের বলতে চাই, আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য যতটা পরিশ্রম করতে হয় এবং সময় নিতে হয়, আমরা তা করব।

‘ঢাকা অ্যাটাক টু’র আগে অন্য কোনো সিনেমার কাজ করবেন?
‘ঢাকা অ্যাটাক টু’ সিনেমার কাজ শুরু করব ২০১৯ সালে। মাঝে এক বছর হাতে পাব। যেহেতু পেশাগতভাবে আমি শুধু সিনেমাটাই করতে চাই, তাই আরেকটা সিনেমার কাজ শুরু করতে হবে। তাই আমি চাইছি, অ্যাকশন থ্রিলারের বাইরে রোমান্টিক, কমেডি অথবা বাচ্চাদের নিয়ে কাজ করব। তাহলে ‘ঢাকা অ্যাটাক টু’র জন্যও ভালো হবে। দর্শকেরা একটু বৈচিত্র্য পাবেন।
এই মুহূর্তে কিছু চূড়ান্ত করেছেন?
আমরা এখনো ‘ঢাকা অ্যাটাক’ ছবির মধ্যে আছি। আগামী মাসও এই সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকব। ‘ঢাকা অ্যাটাক’ প্রবাসী বাঙালিদের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেশের বাইরে অনেক শহরে চলছে। সামনের মাসে আরও কয়েকটি শহর যুক্ত হবে। সর্বোচ্চসংখ্যক দর্শককে ‘ঢাকা অ্যাটাক’ দেখাতে চাই।
শেষ প্রশ্ন, আপনার কাছে ভালো সিনেমার সংজ্ঞা কী?
আমি ভালো সিনেমার তিনটা সূত্র বিশ্বাস করি। ১. সিনেমা একটা জার্নি। তিন ঘণ্টায় দর্শকেরা অন্য এক জগৎ থেকে ঘুরে আসতে চায়। সিনেমার মূল আকর্ষণ কিন্তু এখানে। তাই একজন দর্শক প্রেক্ষাগৃহে ঢুকে তার ফোন, ফেসবুকের কথা যেন ভুলে যায়। সে যেন সিনেমার সঙ্গে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার জন্য অনেকগুলো টেকনিক্যাল বিষয় কাজ করে, যেমন: অভিনয়, কাস্টিং, গল্প, নির্মাণ, বিশ্বাসযোগ্যতা। আসলে একটা ভিন্ন জগতে আসতে দর্শক সিনেমা হলে যায়। ২. সিনেমার গল্প যেন দর্শক আগে থেকে অনুমান করতে না পারে। দর্শক নিজের অনুমান করা গল্প কখনোই প্রেক্ষাগৃহে দেখতে চায় না। দর্শক সেই গল্প দেখতে পছন্দ করে, যা তার ধারণার বাইরে। ৩. সিনেমায় এমন কিছু পরিবেশ তৈরি করা হয় যেন দর্শকেরা মনে করে, এটা শুধু সিনেমাহলেই পাওয়া সম্ভব। এই যেমন সাউন্ড, ডিজাইন, কালার—এই অনুভবটা সে কখনোই টেলিভিশন, ল্যাপটপ বা কম্পিউটারে পাবে না। এই তিনটা বিষয় কোনো সিনেমায় থাকলে সেই সিনেমার বাণিজ্যিক সাফল্য নিশ্চিত।